চঞ্চল,
লালমনিরহাটের হাতীবান্ধায় দশম শ্রেণির এক ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি মোঃ মামুন (২২)-কে গ্রেফতার করেছে র্যাব-১৩। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
মামলা সূত্রে জানা গেছে, স্কুলে যাতায়াতের পথে ভিকটিমকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল মামুন। গত ২৫ জানুয়ারি ২০২৬ তারিখ রাতে বিয়ের মিথ্যা শপথ করে একটি বাড়িতে নিয়ে ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে সে। এই ঘটনায় গত ১ মার্চ হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করা হলে আসামি আত্মগোপনে চলে যায়।
র্যাব-১৩, সদর কোম্পানির একটি চৌকস দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (৯ মার্চ) বিকেলে রংপুর মহানগরীর লালবাগ প্রিয়ন্তী সুপার শপের সামনে থেকে অভিযুক্ত মামুনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মামুন হাতীবান্ধা উপজেলার কেতকীবাড়ী গ্রামের মৃত সামছুলের ছেলে।
র্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, ধৃত আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সামাজিক অপরাধ দমনে র্যাবের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮