চঞ্চল,
জালিয়াতির মাধ্যমে বয়স লুকিয়ে বাল্যবিবাহ নিবন্ধন করলে সংশ্লিষ্ট নিকাহ রেজিস্ট্রারের লাইসেন্স চিরতরে বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে লালমনিরহাট সার্কিট হাউজে জেলার মুসলিম ও হিন্দু বিবাহ নিবন্ধকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এই কঠোর বার্তা দেন।
ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, "বাল্যবিবাহ একটি সুন্দর জীবনের অকাল মৃত্যু ঘটায়। কোনো নিকাহ রেজিস্ট্রার যদি প্রলোভন বা চাপের মুখে নতি স্বীকার করে জন্ম সনদ যাচাই ছাড়া বিয়ে রেজিস্ট্রি করেন, তবে তাঁর বিরুদ্ধে শুধু মামলাই হবে না-তৎক্ষণাৎ তাঁর পেশাগত সনদ বাতিল করা হবে।"
তিনি প্রতিটি বিয়ের আগে জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাইয়ের নির্দেশ দেন।
দেশে ক্রমবর্ধমান তালাকের হার নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, “পারিবারিক কলহ ও নৈতিক অবক্ষয়ের কারণে সংসার ভাঙার প্রবণতা বাড়ছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে শিশুদের ওপর”। তিনি কাজীদের উদ্দেশ্যে বলেন, "আপনারা কেবল বিবাহ নিবন্ধক নন, সমাজের দায়িত্বশীল অংশ হিসেবে দাম্পত্য কলহ নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করুন।"
একটি শিক্ষিত ও আদর্শ লালমনিরহাট গড়ার পথে বাল্যবিবাহ ও যৌতুককে প্রধান বাধা হিসেবে চিহ্নিত করেন মন্ত্রী। তিনি স্থানীয় প্রশাসনের সহায়তায় প্রতিটি বাল্যবিয়ে রুখে দেওয়ার জন্য নিবন্ধকদের সক্রিয় হওয়ার আহ্বান জানান।
জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস, নিকাহ রেজিস্ট্রার সমিতির জেলা সভাপতি আমজাদ হোসেন ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদসহ জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তাগণ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮