দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
সরকারের ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা ঋণ ও অনুদান দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার চেষ্টা করছে একটি চক্র। বিকাশসহ বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অপচেষ্টা সম্পর্কে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কবার্তায় জানানো হয়, ‘উদ্যোগ’ নামে তাদের কোনো আনুষ্ঠানিক ফেসবুক পেজ বা অন্য সামাজিক যোগাযোগমাধ্যমে অফিসিয়াল অ্যাকাউন্ট নেই।
সতর্কবার্তায় বলা হয়, উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচির আওতায় ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে কিছু ব্যক্তি বিকাশসহ বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ও অন্যান্য মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।
বাংলাদেশ ব্যাংক জানায়, ‘উদ্যোগ’ কর্মসূচির সব কার্যক্রম স্বচ্ছতা, নিরপেক্ষতা ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পরিচালিত হচ্ছে। ঋণ পাওয়ার নিশ্চয়তা বা ঋণ পাইয়ে দেওয়ার নামে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অর্থ না দিতে সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এ ছাড়া ‘উদ্যোগ’ নামে ভুয়া পেজ বা অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তিকর তথ্য প্রচার কিংবা প্রতারণা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-সংক্রান্ত আইনসহ প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক।
তরুণদের উদ্ভাবনী উদ্যোগে অর্থায়ন ও নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে সরকার ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা করেছে। এর অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক চালু করেছে ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি—উদ্যোগ (UDYOG)’।
এ কর্মসূচির আওতায় তরুণ উদ্যোক্তারা সর্বোচ্চ ২০ লাখ টাকা পাবেন। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ এবং সমপরিমাণ অর্থ এককালীন অনুদান হিসেবে দেওয়া হবে। ঋণ ও অনুদান একই সঙ্গে বিতরণ করা হবে।
দেশের প্রান্তিক ও উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করে অর্থায়ন ও প্রয়োজনীয় সহায়তা দেওয়াই এ কর্মসূচির লক্ষ্য। গত ১৩ সেপ্টেম্বর এ কর্মসূচির অর্থায়নসংক্রান্ত নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক।
প্রথম পর্যায়ে আট জেলার উদ্যোক্তাদের কাছ থেকে আবেদন নেওয়া হয়। পরে গত ১ নভেম্বর থেকে বাকি ৫৬ জেলার উদ্যোক্তাদের আবেদন গ্রহণ শুরু হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮