বিনোদন ডেস্ক,
আবারও আলোচনায় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে আলাদা থাকার কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার পর তাদের বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে ন্যান্সি জানিয়েছেন, তাদের ডিভোর্স বা বিচ্ছেদ হয়নি।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে ন্যান্সি লেখেন, ‘মেহেদী এবং আমি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যে পথচলা একসময় আমাদের কাছে সবকিছু ছিল, তা আজ শেষ হলো।’
পোস্টটি ছড়িয়ে পড়ার পর শোবিজ অঙ্গনে তাদের বিচ্ছেদের গুঞ্জন ওঠে। এর পরপরই ফেসবুক থেকে পোস্টটি সরিয়ে নেন ন্যান্সি। পরে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টটিও ডিঅ্যাক্টিভেট করেন তিনি।
এ নিয়ে নানা জল্পনা-কল্পনার মধ্যে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় একটি বেসরকারি গণমাধ্যমের কাছে বিষয়টি পরিষ্কার করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী। পোস্ট সরানো ও অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করার বিষয়ে তিনি বলেন, ‘ফেসবুকের পোস্ট সরিয়ে নিয়েছি, এটা সত্য এবং অ্যাকাউন্টও ডিঅ্যাক্টিভেট করেছি। কিন্তু কেন করেছি, তার অবশ্যই কারণ রয়েছে।’
ন্যান্সি আরও বলেন, ‘আমি ফেসবুক পোস্টে আমাদের আলাদা হওয়ার কথা বলেছি। সেটা যে কারণেই হোক, আমি লিখেছি। কিন্তু সেই শব্দটিকে ভিন্নভাবে উপস্থাপন করা হবে, তা বুঝতে পারিনি। আমারও ভুল হতে পারে, হয়তো বিষয়টি সেভাবে বোঝাতে পারিনি। এ কারণে পোস্টটি সরিয়ে নিয়েছি, যাতে এ নিয়ে আর বিভ্রান্তি না ছড়ায়।’
অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করার কারণ জানিয়ে তিনি বলেন, পোস্ট মুছে ফেলার পরও কিছু মানুষ বিষয়টি নিয়ে নানা ধরনের নেতিবাচক কথা বলছিলেন। তাই বাধ্য হয়ে অ্যাকাউন্টটি বন্ধ করেছেন।
বিচ্ছেদের গুঞ্জন নাকচ করে ন্যান্সি বলেন, ‘আমি আলাদা হওয়ার কথা উল্লেখ করেছি। আলাদা হওয়া আর ডিভোর্স এক নয়। বিষয়টি কিছু সংবাদমাধ্যম এমনভাবে উপস্থাপন করেছে, যেন বেশ আগে ডিভোর্স হয়ে গেছে আমাদের। আমি আপাতত তার (মহসিন মেহেদী) থেকে আলাদা থাকছি। মানুষ তো মান-অভিমান করেও আলাদা থাকে। আমাদের মধ্যকার বিষয়টি ঠিক এতটুকুই।’
উল্লেখ্য, ২০২১ সালের আগস্টের শেষ দিকে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে পারিবারিক আয়োজনে গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন ন্যান্সি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮