আন্তর্জাতিক ডেস্ক,
ভারতের রাজধানী দিল্লি-র যন্তর মন্তর এলাকায় শনিবার (৬ জুন) সকাল ১০টা থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে অনলাইনভিত্তিক যুব আন্দোলন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। বিভিন্ন প্রতিযোগিতামূলক ও স্কুল পর্যায়ের পরীক্ষায় অনিয়মের অভিযোগের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে শনিবার সকালে যুক্তরাষ্ট্র থেকে দিল্লিতে পৌঁছান। বিমানবন্দরে পুলিশের সঙ্গে সাক্ষাতের পর তিনি সমর্থকদের পার্লামেন্ট স্ট্রিট থানার সামনে জড়ো না হয়ে সরাসরি যন্তর মন্তরে যাওয়ার আহ্বান জানান।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, “আমি পৌঁছে গেছি। যন্তর মন্তরে আপনাদের সবার সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি। বই এবং আমাদের তিরঙ্গা আনতে ভুলবেন না। ভালোবাসা ও শান্তির মাধ্যমে আমাদের আন্দোলন এগিয়ে নিতে হবে।” তিনি আন্দোলনকারীদের পুলিশ সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর আহ্বানও জানান।
সিজেপির অভিযোগ, NEET-UG 2026, CUET, SSC GD এবং CBSE-এর বিভিন্ন পরীক্ষায় প্রশ্নফাঁস ও মূল্যায়ন প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতে তারা ধর্মেন্দ্র প্রধান-এর পদত্যাগ দাবি করছে।
এদিকে আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন পরিচিত সমাজকর্মী সোনম ওয়াংচুক। তিনি বলেন, অভিজিৎ দিপকেকে গ্রেপ্তার করা হলে তিনি ছয় সপ্তাহের অনশন কর্মসূচি পালন করবেন। একই সঙ্গে তিনি অংশগ্রহণকারীদের শান্তিপূর্ণ আচরণ ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সহযোগিতার আহ্বান জানান।
বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে দিল্লি পুলিশ। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, সীমান্ত এলাকা এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। নয়াদিল্লি ও আশপাশের কৌশলগত এলাকায় এক হাজারের বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।
সিজেপিও তাদের সমর্থকদের শান্তিপূর্ণ আচরণ, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সম্মান প্রদর্শন এবং অহিংস কর্মসূচি পালনের নির্দেশনা দিয়েছে।
সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার পর যন্তর মন্তরের এই কর্মসূচিকে সংগঠনটির প্রথম বড় মাঠপর্যায়ের সমাবেশ হিসেবে দেখা হচ্ছে। যদিও সিজেপি এখনও নিবন্ধিত রাজনৈতিক দল নয়, তবুও অনলাইন প্ল্যাটফর্মে তাদের অনুসারীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮