মোঃ মাওলাদ হোসেন মঈন, পিরোজপুর জেলা প্রতিনিধি,
বিএনপি সরকার ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছে। আমরা ‘সংখ্যালঘু’ শব্দে বিশ্বাস করি না। এ সরকারের আমলে সব ধর্মের মানুষ নিরাপদে বসবাস করছে এবং স্বাধীনভাবে ধর্মীয় অনুষ্ঠান পালন করছে এমন মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর।
সোমবার (১৯ অক্টোবর) রাতে পিরোজপুরের কাউখালী উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকলে সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বাঁচতে পারেন। তাঁরা স্বাধীনভাবে ও নিরাপত্তার সঙ্গে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন। দুর্গাপূজাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিএনপির নেতাকর্মীরা মন্দির কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করছেন, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। পাশাপাশি সমাজের প্রতিটি মানুষের সুখে-দুঃখে পাশে থাকার জন্য তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বিভিন্ন পূজামণ্ডপে মন্দির কমিটির সদস্য ও উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর, সাধারণ সম্পাদক এইচএম দীন মোহাম্মদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান লিকসন, সাংগঠনিক সম্পাদক লিয়াকত তালুকদার, রফিকুল ইসলামসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮