আরিফ আহমেদ,
বরিশালে ডিডব্লিউএফ নার্সিং কলেজের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত অন্তু বিশ্বাসকে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ২০ নভেম্বর
শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর বাসা থেকে পুলিশ পরিচয়ে তাকে তুলে নেওয়া হয় বলে জানিয়েছেন তার সহপাঠী ও আন্দোলনকারীরা। এরপর থেকে তার অবস্থান নিয়ে তৈরি হয়েছে রহস্য। কোতোয়ালি থানা পুলিশ তাকে আটক করার পর পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়ার কথা বলছে বলে দাবি করেছেন আন্দোলনকারীরা। অন্যদিকে পুলিশ বলছে অন্তু আদালতে গিয়েছে, সেখান থেকে চিকিৎসা নিতে ডাক্তারের কাছে যায়, সে নিখোঁজ নয়। কিন্তু আদালতে খোঁজ নিয়েও তার অবস্থান নিশ্চিত হতে পারেননি সহপাঠী শিক্ষার্থীরা। এ ঘটনায় সন্ধ্যায় কোর্ট প্রাঙ্গণে জড়ো হয়ে অন্তুর মুক্তি ও সন্ধান দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অন্যতম নেতা সুজয় শুভ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় জানান, ডিডব্লিউএফ নার্সিং কলেজের শিক্ষার্থী অন্তু বিশ্বাসকে কোতোয়ালি থানা পুলিশ বাসা থেকে তুলে নিয়ে গেছে। এ খবর পেয়ে তারা থানায় অবস্থান করছেন এবং সাংবাদিকদের সেখানে যাওয়ার আহ্বান জানান। পরে বিকেল ৬টা ১ মিনিটে অন্তুর মুক্তির দাবিতে শিক্ষার্থীদের কোর্ট প্রাঙ্গণে অবস্থানের কথা জানান তিনি।
এর কিছুক্ষণ পর সুজয় শুভ জানান, পুলিশ বলছে অন্তু বিশ্বাস পুলিশ হেফাজত থেকে পালিয়ে গেছে। একই সময়ে আন্দোলনকারী শিক্ষার্থী ভূমিকা সরকার অভিযোগ করেন, অন্তু বিশ্বাসকে পুলিশ পরিচয়ে তুলে নেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। পুলিশ বলছে অন্তু আদালতে রয়েছে, অথচ আদালত কর্তৃপক্ষ বলছে তারা এ বিষয়ে কিছু জানে না। ফলে অন্তু কোথায় আছেন, তা নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে শিক্ষার্থীদের মধ্যে।
অন্তু বিশ্বাসের এ ঘটনার পেছনে রয়েছে নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানের অনিয়ম, অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ এবং দীর্ঘদিনের শিক্ষার্থী আন্দোলন। তিনি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। গত ২৩ এপ্রিল ক্লিনিক্যাল প্র্যাকটিসের নামে প্রায় ২০০ শিক্ষার্থীর কাছ থেকে জনপ্রতি ১০ থেকে ১২ হাজার টাকা করে মোট প্রায় ২৭ লাখ টাকা আদায়ের অভিযোগ ওঠে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। শিক্ষার্থীদের দাবি, সরকারি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রশিক্ষণের নামে এ অর্থ নেওয়ার কোনো নিয়ম নেই। এ ঘটনার প্রতিবাদে আন্দোলনে নেতৃত্ব দেন অন্তু।
এ নিয়ে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মিস মামলা নম্বর ০২/২০২৬ দায়ের হয়। আদালত পুলিশকে অভিযোগ তদন্তের নির্দেশ দেন। পরবর্তী সময়ে শিক্ষার্থীদের অর্থ টিউশন ফির সঙ্গে সমন্বয় এবং হয়রানি না করার লিখিত আশ্বাস দেওয়ার কথাও সংবাদ সম্মেলনে তুলে ধরেন অন্তু।
কিন্তু আন্দোলনে নেতৃত্ব দেওয়া এবং মামলার সাক্ষী হওয়ার কারণে তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে অভিযোগ করেন অন্তু। গত ২ নভেম্বর আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ রওশন জাহানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের কথা জানানো হয়। ৮ নভেম্বর পরীক্ষার ফরম পূরণ করতে গিয়ে বাধার মুখে পড়েন তিনি। এর প্রতিবাদে ৯ নভেম্বর দুই নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ ও ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি পালন করেন।
গত ১৪ নভেম্বর বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে অন্তু অভিযোগ করেন, প্রতিষ্ঠানের অনিয়মের প্রতিবাদ এবং আদালতের মামলায় সাক্ষী হওয়ার কারণেই তাকে বহিষ্কার করা হয়েছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে অবশ্য তার বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টি, শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, শিক্ষকদের কক্ষে তালাবদ্ধ করে রাখা এবং মুঠোফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। অন্তু এসব অভিযোগ অস্বীকার করেছেন।
এদিকে শুক্রবার বাসা থেকে তুলে নেওয়ার পর তার অবস্থান নিয়ে পুলিশের বক্তব্য ও আদালতের অবস্থানের মধ্যে যে অসংগতি তৈরি হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, অন্তু যদি পুলিশ হেফাজতে থেকে পালিয়ে গিয়ে থাকেন, তাহলে কখন, কোথায় এবং কীভাবে এ ঘটনা ঘটেছে, তার সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে হবে। আর তাকে আদালতে পাঠানো হয়ে থাকলে আদালতের নথি ও উপস্থিতির তথ্য প্রকাশ করতে হবে।
শিক্ষার্থীরা অন্তু বিশ্বাসের অবস্থান অবিলম্বে নিশ্চিত করা, তাকে আদালতে হাজির করা এবং আটকের বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক ব্যাখ্যা দাবি করেছেন। একজন শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ থাকলে তার আইনগত প্রক্রিয়া অনুসরণ করার পাশাপাশি পরিবারের সদস্য ও সহপাঠীদের কাছে তার অবস্থান স্পষ্ট করা জরুরি বলে মনে করছেন আন্দোলনকারীরা।
প্রতিবেদন লেখা পর্যন্ত অন্তু বিশ্বাসের অবস্থান নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানিয়েছেন, অন্তু বিশ্বাস নিখোঁজ নয়, তাকে সিএমএম আদালতে জিজ্ঞাসাবাদ করতে ডাকা হয়েছিল। সেখান থেকে তিনি চিকিৎসকের কাছে গেছেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট আদালতের বক্তব্য পাওয়া যায়নি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮