নুর মুহাম্মদ, কক্সবাজার,
বাল্যবিবাহ নিরুৎসাহিত ও প্রতিরোধে কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নকে ‘বাল্যবিবাহমুক্ত’ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে দক্ষিণ মিঠাছড়ি উচ্চ বিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক সভায় এ ঘোষণা দেন দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোদেস্তা বেগম রীনা। একটি বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এমএসএসও জুই জুলিয়ানা রিচিলের সঞ্চালনায় সভায় ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডের ইউপি সদস্য, সংরক্ষিত নারী সদস্য, নিকাহ রেজিস্ট্রার, বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং সচেতন ব্যক্তিরা অংশ নেন।
সভায় বক্তব্য দেন ইউপি সদস্য ছৈয়দ আলম, আমির হামজা ও শাকিলা বেগম। মাওলানা রহমত উল্লাহ, মোস্তাক আহমদ, মোহাম্মদ হোসাইন ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা। এছাড়া উপস্থিত ছিলেন আজিজুল হক দুদুমিয়া, মিনুআরা বেগম, খালেদা বেগম, নুর মুহাম্মদ, আবদুল্লাহ ও নুরুল হাসান।
সভায় চেয়ারম্যান খোদেস্তা বেগম রীনা বলেন, “বাল্যবিবাহ একটি সামাজিক ও পারিবারিক সমস্যা। এটি প্রতিরোধে শুধু প্রশাসন, জনপ্রতিনিধি বা কাজীদের ভূমিকা যথেষ্ট নয়; একই সঙ্গে অভিভাবকদেরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।
সচেতনতার মাধ্যমে পরিবার থেকেই বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
সভায় বাল্যবিবাহ প্রতিরোধে জনপ্রতিনিধি, কাজী, শিক্ষক, অভিভাবক ও সচেতন মহলকে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮