
স্পোর্টস ডেস্ক,
মাত্র ১৩ বছর বয়সে বার্সেলোনার অ্যাকাডেমিতে যোগ দিয়েছিলেন লিওনেল মেসি। স্পেনের এই ক্লাবেই গড়ে ওঠে তাঁর ফুটবল ক্যারিয়ার। তবে সেই বার্সেলোনায় বিদায় সংবর্ধনা নিতে রাজি না হওয়ায় মেসির ওপর ক্ষোভ প্রকাশ করেছেন ক্লাবটির সাবেক সভাপতি হুয়ান গাসপার্তে।
গত ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন মেসি। আর্জেন্টিনার হয়ে তাঁর শেষ ম্যাচ ঘিরে বুয়েনস এইরেসে বিদায় আয়োজন করা হয়। কিন্তু পাঁচ বছর আগে বার্সেলোনা ছাড়ার পরও ক্যাম্প ন্যুতে আনুষ্ঠানিক বিদায় নিতে রাজি হননি এই আর্জেন্টাইন মহাতারকা। আর এতেই হতাশ গাসপার্তে।
এক সাক্ষাৎকারে বার্সেলোনার সাবেক সভাপতি বলেন, ব্যক্তির চেয়ে ক্লাবের মর্যাদা অনেক বড়। অভ্যন্তরীণ রাজনীতিকে অজুহাত করে মেসির বিদায় সংবর্ধনা এড়িয়ে যাওয়া উচিত নয়। তাঁর ভাষায়, মেসি নিঃসন্দেহে বিশ্বের সেরা ফুটবলার, তবে বার্সেলোনা তাঁর চেয়েও বড়।
গাসপার্তে আরও বলেন, ১৩ বছর বয়সে মেসিকে বার্সেলোনায় আনার সময় তিনি ক্লাবটির সভাপতি ছিলেন। মেসির সাফল্যের পেছনে বার্সেলোনার বড় অবদান রয়েছে, যা তাঁর ভুলে যাওয়া উচিত নয়।
মেসির প্রতি ভালোবাসা থেকেই এসব কথা বলছেন বলে জানান সাবেক এই সভাপতি। তবে মেসি যদি সমর্থকদের বিদায় জানাতে ক্যাম্প ন্যুতে না ফেরেন, তাহলে তাঁর বিরক্তি আরও বাড়বে বলেও সতর্ক করেন তিনি।
বার্সেলোনার বর্তমান সভাপতি হোয়ান লাপোর্তা দায়িত্বে থাকা বা না-থাকার সঙ্গে মেসির বিদায় সংবর্ধনার কোনো সম্পর্ক থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন গাসপার্তে। লাপোর্তা দায়িত্ব ছাড়ার পর মেসি সংবর্ধনা নিতে ফিরলে সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না বলেও জানান তিনি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮