মো: আব্দুর রহিম, শরীয়তপুর প্রতিনিধি,
শরীয়তপুরের নড়িয়া উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয়ে অফিস সহকারীকে মারধর ও হুমকির অভিযোগে সংবাদ প্রকাশের পর এবার ওই প্রতিবেদনের সাংবাদিককেও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের বিরুদ্ধে।
জানা যায়, সম্প্রতি এলজিইডি কার্যালয়ে অফিস সহকারী মো. তৌফিকুল ইসলামকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে নড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। ওই ঘটনার ভিত্তিতে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত, জিডির কপি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য নিয়ে সংবাদ প্রকাশ করেন দৈনিক কালবেলা পত্রিকার অনলাইনে শরীয়তপুর জেলা প্রতিনিধি খান মোহাম্মদ শিহান।
সংবাদ প্রকাশের পর অভিযুক্ত বিএনপি নেতা মতিউর রহমান সাগর সাংবাদিক খান মোহাম্মদ শিহানের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে ক্ষুদে বার্তা পাঠিয়ে বিভিন্ন ধরনের হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।
সাংবাদিকের দাবি, হোয়াটসঅ্যাপ বার্তায় মতিউর রহমান সাগর লিখেন, "আপনি কি সাংবাদিক, না সাংঘাতিক? আমার বক্তব্য ছাড়া নিউজ করলেন কিভাবে? ওসির দালালি করেন না। ঠিক আছে, আমি অপু ভাইয়ের সঙ্গে যোগাযোগ করছি।" ওই বার্তায় তিনি আরও ইঙ্গিত দেন যে, সংশ্লিষ্ট সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকের চাকরির বিষয়ে প্রভাব খাটানোর চেষ্টা করবেন।
এ বিষয়ে সাংবাদিক খান মোহাম্মদ শিহান জানান, তিনি অভিযুক্তকে জবাবে বলেন, "আমি কোনো ডকুমেন্ট ছাড়া সংবাদ প্রকাশ করি না। আপনার বক্তব্যও যথাযথভাবে সংবাদে প্রকাশ করা হয়েছে।"
পরবর্তীতে এ বিষয়ে মতিউর রহমান সাগরের সঙ্গে যোগাযোগ করা হলে সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি উত্তেজিত ভাষায় বলেন, "পাড়লে আপনারা কিছু করেন। আমার এক মাসের আয় আপনাদের এই সাংবাদিকদের পেছনে খরচ করে হলেও দেখে নেব। বাঘে ধরলে ছাড়ে, কিন্তু আমি ধরলে ছাড়ি না।"
এ বিষয়ে কালবেলা প্রত্রিকার সাংবাদিক খান মোহাম্মদ শিহান বলেন, "আমি পেশাগত দায়িত্ব পালন করে তথ্য-প্রমাণ ও অভিযুক্তের বক্তব্য নিয়েই সংবাদ প্রকাশ করেছি। এরপরও এ ধরনের হুমকি অত্যন্ত উদ্বেগজনক। বিষয়টি নিয়ে আমি আমার ঊর্ধ্বতন সাংবাদিকদের সঙ্গে আলোচনা করছি এবং প্রয়োজন হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।"
এ বিষয়ে শরীয়তপুর জেলা প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার বলেন, সংবাদ প্রকাশের জেরে এ ধরনের হুমকি গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে উদ্বেগের বিষয়।তবে আমরা সাংবাদিকেরা এ ধরণের হুমকিকে পরোয়া করি না আমরা আমাদের পেশাগত দায়িত্বে সব সময় ন্যায়ের পক্ষে থাকবো।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮