স্পোর্টস ডেস্ক,
বাংলাদেশকে ক্রিকেট বিশ্বের সবচেয়ে প্রতিভাবান দল হিসেবে অভিহিত করেছেন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা। বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের প্রতিভার প্রশংসা করে তিনি বলেছেন, ভবিষ্যতে দেশটি থেকে আরও অনেক সুপারস্টার উঠে আসবেন।
সামিন রানা বলেন, তানজিদ হাসান তামিম তাঁর দেখা অন্যতম সেরা ব্যাটসম্যান। তাওহীদ হৃদয় ও নাহিদ রানার মতো ক্রিকেটারদেরও প্রশংসা করেন তিনি। তাঁর মতে, বাংলাদেশের পেসারদের পারফরম্যান্স এখন অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের জন্যও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবালের সঙ্গে তরুণ প্রতিভা খুঁজে বের করা নিয়ে কথা হয়েছে বলেও জানান লাহোর কালান্দার্সের মালিক। তাঁর মতে, নতুন খেলোয়াড়দের বিকাশে মনোযোগ দিলে বাংলাদেশ আরও অনেক প্রতিভাবান ক্রিকেটার পাবে।
পিএসএলের আগামী আসরে বাংলাদেশের উঠতি কয়েকজন ক্রিকেটারকে দলে নেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন সামিন রানা। তবে তাঁদের নাম এখনই প্রকাশ করতে চাননি তিনি। তাঁর ভাষ্য, বাংলাদেশের বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার ইতিমধ্যে তাঁর নজরে রয়েছেন, যাঁদের ভবিষ্যতে পিএসএলে দেখা যেতে পারে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮