এস এম রনি, স্টাফ রিপোর্টার,
নারায়ণগঞ্জের বন্দরে কলাগাছিয়া ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি হাজী মাসুম মিয়ার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় হামলায় অভিযুক্ত পুকনকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আলীনগর বড় মসজিদের সামনে এলাকাবাসীর উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এবিএম সিরাজুল মামুন বলেন, হাজী মাসুম একজন সজ্জন ও দানশীল ব্যক্তি। চিহ্নিত মাদকাসক্ত ও চাঁদাবাজ হিসেবে অভিযুক্ত পুকনের হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনা শুধু একজন ব্যক্তিকে আঘাত করেনি, বরং এলাকার সর্বস্তরের মানুষের হৃদয়ে আঘাত করেছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করতে হবে। এ বিষয়ে তিনি থানায় গিয়ে প্রশাসনের সঙ্গে কথা বলেছেন বলেও জানান।
তিনি আরও বলেন, বন্দরের বিভিন্ন এলাকায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ব্যক্তিদের দৌরাত্ম্য বেড়েছে। এসব অপরাধের বিরুদ্ধে এলাকাবাসীকে ঐক্যবদ্ধভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার ও সুষ্ঠু বিচার নিশ্চিত না করলে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
সমাবেশে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আবদুল গনী, বন্দর থানা পশ্চিম শাখার সভাপতি মাওলানা ফরিদুজ্জামান, সহ-সভাপতি সানাউল্লাহ, কলাগাছিয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮