আন্তর্জাতিক ডেস্ক,
নতুন মুচলেকায় সই করার পর শর্তসাপেক্ষে জামিনে মুক্তি পেয়েছেন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর প্রতিষ্ঠাতা ও প্রধান অভিজিৎ দীপক। শনিবার (১৭ অক্টোবর) দিল্লি পুলিশ তাঁকে মুক্তি দেয়।
এর আগে শুক্রবার দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে দলের ‘লেহরা দো তেরঙ্গা’ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় ঝান্ডেওয়ালানে নিজ বাসভবনের কাছ থেকে তাঁকে আটক করা হয়। গত ১০ অক্টোবরও তাঁকে আটক করে এক বছরের জন্য শান্তি বজায় রাখার মুচলেকায় সই করানো হয়েছিল। শুক্রবারের কর্মসূচিতে অংশ নেওয়ার চেষ্টা করে সেই শর্ত ভঙ্গের অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখায় পুলিশ।
পরে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১২৬ ও ১৭০ ধারায় তাঁকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। সিজেপির আইনি বিষয়ক প্রধান রত্না সিং গ্রেপ্তারের বিরোধিতা করে বলেন, শান্তিপূর্ণভাবে জাতীয় পতাকা ওড়ানোর আহ্বান জানানো অপরাধ হতে পারে না। শুনানি শেষে আদালত শর্তসাপেক্ষ জামিন দিলে নতুন মুচলেকায় সই করে মুক্তি পান অভিজিৎ।
এদিকে, নির্বাচন কমিশনের ভোটার তালিকা পুনর্নিরীক্ষণ কর্মসূচির (এসআইআর) বিরুদ্ধে দিল্লিতে বিক্ষোভ চলাকালে প্রায় ১৫০ জনকে আটক করা হয়। তাঁদের মধ্যে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরাকে শনিবার সকালে ছেড়ে দেওয়া হলেও সিজেপির নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাসহ কয়েকজন তখনও পুলিশি হেফাজতে ছিলেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮