চট্টগ্রাম ব্যুরো,
ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি বলেছেন, পার্বত্য অঞ্চলে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তুলতে পারলে এ অঞ্চলের অর্থনৈতিক ধারা পুরোপুরি বদলে দেওয়া সম্ভব। কর্মহীনতা দূর করে পাহাড়ের মানুষের জীবনে স্বস্তি, শান্তি ও সচ্ছলতা ফিরিয়ে আনতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
শুক্রবার রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভুক্ত কর্মসূচির আওতায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সম্পন্নকারী তরুণ-তরুণীদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে।
প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শুরু থেকেই তরুণদের কর্মসংস্থান সৃষ্টি ও স্বাবলম্বী করে গড়ে তোলার সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে কাজ করছেন। এরই ধারাবাহিকতায় ফ্রিল্যান্সিং খাতে সরকার নানামুখী প্রণোদনা দিচ্ছে। ফ্রিল্যান্সারদের সুবিধার্থে ইতিমধ্যে একাধিক ই-পেমেন্ট গেটওয়ে উন্মুক্ত করা হয়েছে এবং কর ও ভ্যাট কমিয়ে লেনদেন প্রক্রিয়া সহজতর করা হয়েছে।
বড় বিনিয়োগের মাধ্যমে রাতারাতি ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা চ্যালেঞ্জিং উল্লেখ করে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, ফ্রিল্যান্সিং খাতে দক্ষ জনশক্তি তৈরি করতে পারলে পার্বত্য চট্টগ্রামের অর্থনীতিতে দ্রুত ইতিবাচক পরিবর্তন আসবে। কোনো প্রশিক্ষণ কর্মসূচি থেকে ১০০ জন বেকার তরুণ-তরুণী দক্ষ হয়ে উঠলে তাদের ৯৫ শতাংশেরও বেশি আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক অর্থনীতিতে যুক্ত হবেন। পরবর্তীতে তারা নিজেরাই নতুন কর্মসংস্থান সৃষ্টি করবেন, যা বিদ্যমান অর্থনীতির পাশাপাশি একটি শক্তিশালী নতুন অর্থনৈতিক বলয় গড়ে তুলবে। এভাবে চক্রাকার অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।

বৈশ্বিক বাজারের সম্ভাবনার কথা তুলে ধরে ব্যারিস্টার মীর হেলাল বলেন, ইউরোপ, আমেরিকা ও সিঙ্গাপুরসহ উন্নত দেশগুলোর কল সেন্টারের বড় একটি অংশ পার্শ্ববর্তী দেশে পরিচালিত হচ্ছে, কারণ তারা প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল তৈরি করেছে। বাংলাদেশের তরুণ-তরুণীরা অত্যন্ত মেধাবী ও স্মার্ট; যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে তারা নতুন প্রতিষ্ঠান গড়ে তুলতে পারলে দেশের জন্য এক বিশাল অর্থনৈতিক ক্ষেত্র উন্মুক্ত হবে।
স্থানীয় পর্যায়ে অর্থনৈতিক চক্রের গুরুত্ব ব্যাখ্যা করে প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, একজন মানুষ যখন স্থানীয় বাজারে ৫ হাজার টাকা ব্যয় করেন, তখন তা বিনিয়োগের মতো কাজ করে—এর একটি অংশ সবজি বিক্রেতা, মুরগি সরবরাহকারী বা কাপড় ব্যবসায়ীর কাছে পৌঁছায়। এলাকার ভেতরে এমন অর্থনৈতিক বৃত্ত যত বেশি তৈরি হবে, দেশের উন্নয়ন তত দ্রুত ত্বরান্বিত হবে। তিনি বলেন, এককভাবে প্রধানমন্ত্রীর বা কোনো একটি মন্ত্রণালয়ের পক্ষে সব কাজ করা সম্ভব নয়; তাই নিজ নিজ অবস্থান থেকে অবদান রেখে মানুষকে স্বনির্ভর করার প্রক্রিয়া এগিয়ে নিতে হবে। এ সময় তিনি রাঙ্গামাটি জেলা পরিষদের ফ্রিল্যান্সিং, ই-লার্নিং ও অন্যান্য উন্নয়ন প্রকল্পের প্রশংসা করেন।
অনুষ্ঠানে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ। সনদপত্র পেয়ে প্রশিক্ষণার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার রিজাউল করিম, জেলা পরিষদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, পরিষদের নির্বাহী প্রকৌশলী এরশাদুল হক মণ্ডলসহ অন্যান্য সদস্য ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮