স্পোর্টস ডেস্ক,
বিশ্বকাপের সেমিফাইনালে ফুটবল বিশ্বের দুই পরাশক্তি স্পেন ও ফ্রান্স মুখোমুখি হতে যাচ্ছে। তবে ম্যাচ শুরুর আগেই আত্মবিশ্বাসী বার্তা দিয়ে রাখলেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। তার দাবি, ভয় পাওয়ার কিছু থাকলে সেটা ফ্রান্সেরই থাকা উচিত।
বেলজিয়ামকে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করার পর ইয়ামাল বলেন, ‘যদি ফ্রান্সের কাউকে ভয় পাওয়ার থাকে, তবে সেটা আমাদেরই। কারণ আমরা আগেও তাদের হারিয়েছি। গত দুই বছরে দুইবার মুখোমুখি হয়ে দুইবারই জিতেছি। আমার বিশ্বাস, এই মুহূর্তে বিশ্বের সেরা দুটি দলই স্পেন ও ফ্রান্স। এখন দেখা যাক, কী হয়। তবে আমরা কাউকে ভয় পাই না।’
প্রায় ১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে স্পেন। ২০১০ সালে শিরোপা জয়ের পর এবারই প্রথম শেষ চারে জায়গা করে নিয়েছে লা রোহা। অন্যদিকে ফ্রান্স টানা তৃতীয়বার বিশ্বকাপের ফাইনালে ওঠার লক্ষ্যে লড়বে। ২০১৮ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর গত আসরে রানার্সআপ হয়েছিল তারা।
সাম্প্রতিক পরিসংখ্যান অবশ্য স্পেনের পক্ষেই কথা বলছে। টানা ৩৬ ম্যাচ অপরাজিত রয়েছে লুইস দে লা ফুয়েন্তের দল। গত দুই বছরে প্রতিযোগিতামূলক ফুটবলে দুইবার ফ্রান্সের মুখোমুখি হয়ে দুইবারই জয় পেয়েছে স্প্যানিশরা। ২০২৪ ইউরোর সেমিফাইনালে ২-১ এবং নেশন্স লিগের সেমিফাইনালে ৫-৪ ব্যবধানে জয়ের দুই ম্যাচেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ইয়ামাল। সেই দুই লড়াইয়ে তার নামের পাশে ছিল তিনটি গোল।
স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তেও সেমিফাইনাল নিয়ে আত্মবিশ্বাসী। তিনি বলেন, ‘ফ্রান্স খুবই শক্তিশালী প্রতিপক্ষ, সেটা আমরা জানি। কিন্তু আমরা এটাও জানি যে তাদের হারানোর সামর্থ্য আমাদের আছে। আগেও সেমিফাইনালে তাদের বিপক্ষে জিতেছি। এবারও কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ম্যাচ হবে। আমাদের সেরাটা খেলতে হবে।’
আগামী ১৪ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া এই সেমিফাইনালকে অনেকেই আগাম ফাইনাল হিসেবে দেখছেন। দুই ইউরোপীয় শক্তির এই মহারণে জয়ী দলই বিশ্বকাপের ফাইনালে জায়গা নিশ্চিত করবে। তাই শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখতে স্পেন ও ফ্রান্স—দুই দলকেই নিজেদের সেরা ফুটবল উপহার দিতে হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮