তৌহিদুল ইসলাম চঞ্চল,
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যভিত্তিক মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এক বিশাল সাফল্য অর্জিত হয়েছে। সীমান্ত দিয়ে বড় ধরনের মাদকের চালান পাচারের চেষ্টাকালে বিজিবির আভিযানিক দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে।
রোববার (১৫ আগস্ট) লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দারা জানতে পারেন যে, ভারতীয় সীমান্ত পার করে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শনিবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে গংগারহাট বিওপির একটি বিশেষ টহল দল কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিদ্যাবাগিস সীমান্ত এলাকায় কৌশলগত অবস্থান নিয়ে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ভারতের অভ্যন্তর থেকে এক সন্দেহভাজন ব্যক্তিকে ঘাসের বস্তা নিয়ে বাংলাদেশ অভিমুখে আসতে দেখেন বিজিবি জোয়ানরা।
টহল দলের সদস্যরা তাৎক্ষণিকভাবে ওই চোরাকারবারীকে চ্যালেঞ্জ করে ধাওয়া দিলে সে বিজিবির উপস্থিতি টের পেয়ে সাথে থাকা ঘাসের বস্তাটি মাটিতে ফেলে অন্ধকারের সুযোগে দ্রুত সীমানা পেরিয়ে ভারতের ভেতরে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া ঘাসের বস্তাটি উদ্ধার করেন এবং তার ভেতরে অভিনব কায়দায় প্যাকেটজাত অবস্থায় রাখা ৭,০০০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হন।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর সদর দপ্তর সূত্রে জানানো হয়েছে, উদ্ধারকৃত ৭,০০০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবরের আনুমানিক সিজার মূল্য ২১,০০,০০০ (একুশ লক্ষ) টাকা। এই মাদক চোরাচালান চক্রের সঙ্গে জড়িত স্থানীয় অপরাধীদের সুনির্দিষ্ট তথ্য ও নাম-ঠিকানা সংগ্রহ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ফুলবাড়ী থানায় নিয়মিত মামলা দায়েরসহ আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮