এস এম রনি,
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে পাঁচ বস্তা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও বিপুল সংখ্যক পোলিং অফিসারের কার্ড এবং সীল।
ঘটনাটি ঘটেছে ২১ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায়,ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি সাদা রঙের গাড়িতে করে অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি এসে স্টেডিয়ামের পাশে ময়লার ভাগাড়ে কয়েকটি বস্তা ফেলে দ্রুত স্থান ত্যাগ করে। স্থানীয়রা প্রথমে বস্তাগুলো ময়লা ভেবে এড়িয়ে যান, তবে পরিষ্কার প্যাকেট দেখে সন্দেহ হলে খুলে দেখেন বস্তাগুলোর ভিতরে রয়েছে ভোটার আইডি কার্ড, নির্বাচনী কর্মকর্তাদের কার্ড, সীলসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র।
পরে স্থানীয়দের মাধ্যমে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকৃত সামগ্রী নারায়ণগঞ্জের নির্বাচন কমিশন অফিসে হস্তান্তর করে।
জানা গেছে, উদ্ধারকৃত সব কার্ড গাজীপুর সদর এলাকার বাসিন্দাদের। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসনের মধ্যে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে।
স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু বলেন,আমি স্টেডিয়াম এলাকায় একটি স-মিল পরিচালনা করি।কাজ চলাকালীন সন্ধ্যায় দেখতে পাই কিছু লোক সাদা গাড়িতে বস্তা ফেলছে।ময়লা ফেলার বিষয়টা নিয়ে আমি আগে থেকে সচেতনতা চালাচ্ছিছিলাম। আমার কর্মীরা সেখানে গিয়ে দেখে বস্তায় এনআইডি কার্ড ও সীল রয়েছে। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থলে আসে।"এ ঘটনায় কে বা কারা এসব গুরুত্বপূর্ণ নথি ফেলে রেখে গেছে, তা খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে।এ বিষয়ে নির্বাচন কমিশন ও পুলিশের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮