এস এম রনি, স্টাফ রিপোর্টার,
নারায়ণগঞ্জের ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ পাওয়া ৪৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ফতুল্লার দাপা ইদ্রাকপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন বলেন, শিক্ষার্থীদের ফলাফল উন্নয়নে বিদ্যালয়ের বিভিন্ন উদ্যোগ ভূমিকা রেখেছে। তিনি বলেন, জিপিএ-৫ পাওয়া ৪৪ শিক্ষার্থী শুধু নিজেদের নয়, বিদ্যালয়, শিক্ষক, অভিভাবক ও নারায়ণগঞ্জ সদর উপজেলার সম্মান বৃদ্ধি করেছে। ভবিষ্যতেও তারা ফতুল্লা পাইলটের নাম উজ্জ্বল করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিদ্যালয়ের উন্নয়ন প্রসঙ্গে ইউএনও বলেন, মাঠ ও অবকাঠামোগত উন্নয়নসহ প্রতিষ্ঠানটিকে আরও সুন্দরভাবে সাজানোর পরিকল্পনা রয়েছে। শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সহযোগিতায় ফতুল্লা পাইলটকে একটি প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, শিক্ষার্থীদের সর্বোচ্চ সহযোগিতা করা হবে। আর্থিক অসচ্ছলতার কারণে কোনো শিক্ষার্থীর পড়াশোনা যাতে বন্ধ না হয়, সে জন্য প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দেন তিনি।
অনুষ্ঠানে সদর উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত রুবেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুরাইয়া আশরাফী, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আফরোজা, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য তুষার আহম্মেদ মিঠু, শিক্ষক প্রতিনিধি মো. আবু সাইদ, সিনিয়র শিক্ষক শাহিদা আক্তার, বাহাদুর আলী আকন্দ, নুরুল কবিরসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮