এস এম রনি, স্টাফ রিপোর্টার,
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে গিয়ে মাদক ব্যবসায়ীদের অতর্কিত হামলায় র্যাব-১১ এর একটি সিভিল টিমের তিন সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে ফতুল্লা থানাধীন মাসদাইর বোয়ালি খাল লিচুবাগ এলাকায়, বাঁধন কমিউনিটি সেন্টারের পেছনে এ ঘটনা ঘটে।জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি সিভিল টিম ওই এলাকায় মাদক সংক্রান্ত একটি স্পট শনাক্তকরণের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করে। এসময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ীরা র্যাব সদস্যদের উপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা দেশীয় অস্ত্র ব্যবহার করে র্যাবের তিন সদস্য—নাজিবুর, মাহি ও ইব্রাহিমকে গুরুতরভাবে আহত করে।
পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে দ্রুত নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে আহতরা চিকিৎসাধীন রয়েছেন।ঘটনার পরপরই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮