
এস এম রনি, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ফাইটার মনির নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা থানাধীন গলাচিপা এলাকার চেয়ারম্যান বাড়ির কাছে ফাতেমা ইয়াসমিন শিল্পীর মালিকানাধীন একটি ভবনের দোতলায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) গাজী শামীম জানান, অভিযানের সময় ফাইটার মনিরকে আটক করা হলে তার দেওয়া তথ্যে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য, সিসি ক্যামেরা ও কম্পিউটার জব্দ করা হয়। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
অভিযানে উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে— স্টিলের বড় ছোড়া ২টি, হাতলবিহীন স্টিলের রামদা ১টি, বড় দা ৩টি, ডেগার ১টি, সামুরাই ১টি, বড় ছোড়া ৬টি, ছোট ছোড়া ২টি, বড় চাপাতি ১টি, ছোট চাপাতি ১টি, করাত ১টি, বড় হাতুড়ি ১টি, লোহা কাটার ১টি, লোহার পাইপ ৩টি, সিপিইউ ১টি, মনিটর ২টি, গাঁজা ২৪ পুড়িয়া এবং গাঁজা মাপার একটি ছোট মেশিন।
এ সময় জাহিদ হোসেন নামে এক ব্যক্তি পালিয়ে গেলেও তার সহযোগী মোঃ মনির হোসেন (৪০), পিতা মোঃ সাইদুর রহমান, মাতা পারভীন বেগম, সাং মাসদাইর, থানা ফতুল্লা, জেলা নারায়ণগঞ্জ, তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

























