এস এম রনি, স্টাফ রিপোর্টার,
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার ভূইগড় বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে প্রায় ২৫ যাত্রীর টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে ডাকাতরা।
শুক্রবার (৩ অক্টোবর) রাত ৩টার দিকে ভূইগড় এলাকায় সিফাত পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে।
যাত্রীদের বরাত দিয়ে জানা যায়, জামালপুর থেকে রাত ১০টার দিকে সিফাত পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৩-২৪৪৪) বাসটি প্রায় ৩০-৩৫ জন যাত্রী নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। সাইনবোর্ডে কয়েকজন যাত্রী নামার পর বাসটি রাত ৩টার দিকে ভূইগড় এলাকায় পৌঁছায়। সেখানে যাত্রী নামানোর সময় পাঁচজন ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে জোর করে বাসে ওঠে। পরে চালকের বুকে ছুরি ধরে নারী-পুরুষসহ প্রায় ২৫ যাত্রীর কাছ থেকে টাকা ও মোবাইল ফোন লুট করে পালিয়ে যায় তারা।
পরে বাসটি নারায়ণগঞ্জ কোর্ট এলাকার সামনে গেলে যাত্রীরা কাউন্টার কর্তৃপক্ষকে বিষয়টি জানান।
সিফাত পরিবহনের কোর্ট এলাকার টিকিট কাউন্টারের কর্মকর্তা বিপ্লব জানান, রাত সাড়ে ৩টার দিকে বাসটি কোর্টের সামনে পৌঁছালে যাত্রীরা তাদের কাছ থেকে টাকা ও মোবাইল লুটের বিষয়টি জানান।
ফতুল্লা মডেল থানার এসআই মিলন ফকির বলেন, “বাসটি যেখানে থামানো হয়েছিল, তার আশপাশেই পুলিশ ছিল। ডাক-চিৎকার শুনলে পুলিশ এগিয়ে যেত। অপরাধীরা পালিয়ে যাওয়ার পর বাসচালক ও যাত্রীরা বিষয়টি জানান। যাত্রী বা বাসচালক চাইলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে পারেন।”
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮