এস এম রনি, স্টাফ রিপোর্টার,
ফতুল্লার চাঁদমারী মাউড়াপট্টি এলাকায় নাছির (৬০) নামের এক ডিশ লাইন ও ক্যাবল ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। ১৪ই মে বৃহস্পতিবার দুপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান “ফ্রেন্ডস ক্যাবল” অফিসের ভেতরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত নাছির ওই এলাকার মৃত সাইজ্জদিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে “ফ্রেন্ডস ক্যাবল” নামে ডিশ ও ক্যাবল ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবারও নাছির তার ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। দুপুর ১টার দিকে হঠাৎ তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাকে খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী অটোরিকশা চালক আলাউদ্দিন জানান, ঘটনার পর রক্তমাখা ছুরি হাতে কালো পাঞ্জাবি পরিহিত এক ব্যক্তিকে দৌড়ে মাইক্রোস্ট্যান্ডের দিকে পালিয়ে যেতে দেখেছেন।
ঘটনার খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাশ্ববর্তী একটি বাড়ির ভেতর থেকে কালো হাতলযুক্ত রক্তমাখা একটি ছুরি উদ্ধার করে।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলম বলেন, হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮