এস এম রনি, স্টাফ রিপোর্টার,
নারায়ণগঞ্জের ফতুল্লায় ঝুট ও পলিথিনের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে কুতুবপুর ইউনিয়নের নয়ামাটি এলাকার মার্কাস মসজিদ সংলগ্ন মোঃ ইব্রাহিমের গোডাউনে এ আগুন লাগে। এতে প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ভাষ্যমতে, পাশের মোঃ আব্দুস সাত্তারের নতুন গোডাউনে ওয়েল্ডিংয়ের কাজ চলাকালে আগুনের ফুলকি ছিটকে ইব্রাহিমের গোডাউনে পড়ে। এতে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় পৌনে ১টা পর্যন্ত চেষ্টা চালিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত ছিল।
গোডাউনের মালিক মোঃ ইব্রাহিম জানান, আগামীকাল মালামাল সরবরাহের কথা ছিল। ফায়ার সার্ভিসের ভাষ্যমতে, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৩০ থেকে ৩৫ লাখ টাকা হলেও প্রায় ৩০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
এ ঘটনায় কেউ হতাহত হননি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮