এস এম রনি, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের ফতুল্লার পূর্ব লামাপাড়া এলাকার পিঠালীপুলে একটি জুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৪ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী আনোয়ার হোসেন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পর স্থানীয়রা তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও ব্যর্থ হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জানা গেছে, মো. রানা মিয়ার মালিকানাধীন ‘মা-বাবা এন্টারপ্রাইজ’ নামের জুটের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গোডাউনটিতে জুট কাপড়, পলি, কাগজ ও ইনটেক ফেব্রিক্সসহ বিভিন্ন ধরনের মালামাল মজুদ ছিল।
গোডাউন মালিক রানা মিয়ার দাবি, আগুনে প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তবে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র অফিসার নুরুল আলম জানান, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫ থেকে ২০ লাখ টাকা হতে পারে।
তিনি আরও জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮