এস এম রনি, স্টাফ রিপোর্টার,
নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে তর্ক-বিতর্ক ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। বুধবার (১৯ আগস্ট) বিকেলে তল্লা রোডের জেলা পরিষদ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তারিফ আল তাওহিদের নেতৃত্বে বিকেল ৪টার দিকে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযান শুরু হয়। এ সময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু উপস্থিত ছিলেন।
অভিযানের অংশ হিসেবে তল্লা রোডের কয়েকটি হোটেল, সুন্দরবন সুইট অ্যান্ড বেকারি, রেস্টুরেন্টসহ আশপাশের দোকান ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ করা জায়গায় মাইক্রোবাস স্ট্যান্ড স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ সময় মাইক্রোবাস স্ট্যান্ড স্থাপনের বিরোধিতা করে ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা প্রতিবাদ করেন। একপর্যায়ে তাদের সঙ্গে অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর সঙ্গে থাকা লোকজনের তর্ক-বিতর্ক ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
পরে ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ ও অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে উভয় পক্ষকে শান্ত করেন।
উচ্ছেদ অভিযান আগে থেকে জানানো হয়নি—এমন অভিযোগে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে কিছুটা উত্তেজনা দেখা দেয়। তবে কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই বিকেল ৬টার দিকে অভিযান শেষ হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮