দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক, মানবিক ও ভবিষ্যতমুখী রূপ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন। তিনি বলেছেন, এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে, যেখানে শিক্ষার্থীরাই আগামী বাংলাদেশের নেতৃত্ব ও উন্নয়নের প্রধান চালিকাশক্তি হবে।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে প্রধানমন্ত্রী সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
মাহ্দী আমিন বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিকূল পরিবেশ উপেক্ষা করে অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীদের উপস্থিতি নতুন প্রজন্মের উদ্যম ও দেশপ্রেমের প্রতিফলন। তিনি বলেন, এই শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়ন এবং দেশের শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে।
তিনি জানান, সরকার এমন একটি শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়, যা শুধু পাঠ্যপুস্তকনির্ভর নয়; বরং শিক্ষার্থীদের সৃজনশীলতা, মানবিক মূল্যবোধ, নেতৃত্বের গুণাবলি এবং প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা গড়ে তুলবে।
উপদেষ্টা বলেন, শিক্ষা সংস্কারের অংশ হিসেবে সারাদেশের প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে প্রায় দুই লাখ গাছের চারা রোপণ করা হয়েছে। এসব গাছের পরিচর্যায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হবে, যাতে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি দায়িত্ববোধ ও সামাজিক মূল্যবোধও তাদের মধ্যে গড়ে ওঠে।
তিনি আরও বলেন, যে শিক্ষার্থী যে বিষয়ে আগ্রহী বা দক্ষ, সেই ক্ষেত্রেই তাকে এগিয়ে নেওয়ার জন্য সরকার সর্বোচ্চ সহায়তা দেবে। পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া কার্যক্রমকে সমন্বিত করে সারা বছর বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে, যাতে মেধাবী ও সৃজনশীল শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পায়।
মাহ্দী আমিন জানান, ইতোমধ্যে প্রায় ২২ লাখ প্রাথমিক শিক্ষার্থীর অংশগ্রহণে একটি বৃহৎ ফুটবল প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে এই আয়োজনকে আরও বিস্তৃত করতে প্রাইম মিনিস্টার্স ফুটবল গোল্ড কাপ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে এবং এ বিষয়ে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতার আশ্বাস দিয়েছেন।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮