বিনোদন ডেস্ক,
অ্যাকশন-অ্যাডভেঞ্চার ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো সিক্স’ (জিটিএ সিক্স) মুক্তির প্রথম ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে ৩ দশমিক ৭৯ বিলিয়ন ডলার আয় করেছে। এর মধ্য দিয়ে বিনোদন জগতের ইতিহাসে সবচেয়ে বড় সূচনা করেছে গেমটি। ভেঙে দিয়েছে আগের সব রেকর্ড, এমনকি নিজেদের আগের সংস্করণ ‘গ্র্যান্ড থেফট অটো ফাইভ’-এর গড়া মাইলফলকও।
নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমস জানিয়েছে, প্রি-রিলিজ ও মুক্তির প্রথম দিনের বিক্রি মিলিয়ে জিটিএ সিক্সের মোট ৩ কোটি ২৫ লাখ কপি বিক্রি হয়েছে। বিশ্বজুড়ে গেমারদের ব্যাপক আগ্রহ ও সমালোচকদের প্রশংসার মধ্যেই বাজারে আসে গেমটি।
প্রথম দিনে জিটিএ সিক্সের আয় ২০১৩ সালে মুক্তি পাওয়া জিটিএ ফাইভের প্রথম দিনের আনুমানিক ৮০ কোটি ডলারের আয়ের প্রায় পাঁচ গুণ। এমনকি গেমটির ২৪ ঘণ্টার আয় ছাড়িয়ে গেছে মার্ভেলের ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ সিনেমার বিশ্বব্যাপী মোট বক্স অফিস আয়, যা প্রায় ২ দশমিক ৯৪ বিলিয়ন ডলার।
গল্প, নির্মাতা ও গেমারদের উন্মাদনা
কাল্পনিক ভাইস সিটি শহরকে কেন্দ্র করে তৈরি গেমটির কাহিনি আবর্তিত হয়েছে দুই অপরাধী চরিত্র লুসিয়া ও জেসন ব্লিৎজকে ঘিরে। মুক্তি উপলক্ষে রকস্টার গেমসের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট স্যাম হাউজার এটিকে স্টুডিওর জন্য একটি ‘নতুন অধ্যায়’ হিসেবে বর্ণনা করেছেন।
রকস্টার গেমসের মূল প্রতিষ্ঠান টেক-টু ইন্টারঅ্যাক্টিভ গেমটি তৈরিতে প্রায় ১ বিলিয়ন ডলার ব্যয় করেছে বলে জানা গেছে। প্রতিষ্ঠানটি ‘রেড ডেড রিডেম্পশন’ ও ‘এনবিএ টু-কে’-এর মতো জনপ্রিয় গেম সিরিজেরও প্রকাশক। বিপুল এই বাজেটের কারণে জিটিএ সিক্স অন্যতম ব্যয়বহুল বিনোদন প্রকল্পে পরিণত হয়েছে।
গেমটি খেলতে অনেক গেমার অফিস থেকে ছুটি নিয়েছেন। এমনকি সঙ্গীদের সঙ্গে সময় ভাগাভাগি নিয়ে ‘চুক্তি’ করার মতো ঘটনাও সামনে এসেছে।
প্রি-অর্ডার ও ভবিষ্যৎ পরিকল্পনা
গত জুনে গেমটির প্রি-অর্ডার শুরু হলেও তখন বিক্রির সংখ্যা প্রকাশ করা হয়নি। তবে আগস্টে ‘জিটিএ সিক্স: অ্যান এক্সটেন্ডেড লুক’ শিরোনামে প্রচারমূলক ট্রেলার প্রকাশের পর প্রি-অর্ডার ছয় গুণ বেড়েছে বলে একাধিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে বিনিয়োগকারীরা এখন গেমটির পিসি সংস্করণ এবং নতুন ‘জিটিএ অনলাইন’ চালুর বিষয়ে বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছেন। বিশ্লেষকদের ধারণা, ২০২৭ সালে এই দুই সংস্করণ আসতে পারে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮