বিনোদন ডেস্ক,
অভিনয়ের পাশাপাশি ভ্রমণ করতে ভালোবাসেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অবসর পেলেই বেরিয়ে পড়েন নতুন কোনো গন্তব্যে। এবার ছুটি কাটাতে শ্রীলঙ্কার মিরিসা সৈকতে গেছেন তিনি। সমুদ্রের অপরূপ সৌন্দর্য উপভোগের পাশাপাশি ভ্রমণের নানা মুহূর্ত সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।
সেখানে একা ঘুরে বেড়ানোর আনন্দের কথাও জানিয়েছেন প্রভা। সমুদ্রের মনোরম পরিবেশে সাঁতার কাটার ইচ্ছার কথাও প্রকাশ করেছেন তিনি। নিজের অবস্থান সম্পর্কে জানিয়ে প্রভা বলেন, জায়গাটি কোকোনাট বিচ কিংবা কোকোনাট ট্রি হিল নামে পরিচিত। অসাধারণ দৃশ্যের পাশাপাশি সেখানকার আবহাওয়াও বেশ চমৎকার।
সামাজিক মাধ্যমে প্রকাশ করা একটি ভিডিওতে প্রভা জানান, অনেকেই তাঁকে প্রশ্ন করেন, একা একা ঘুরতে গিয়ে বিরক্ত লাগে কি না। এমন প্রশ্নের জবাবে নিজের ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরেন অভিনেত্রী।
প্রভা বলেন, ‘মানুষ আমাকে বলে, আমার একা একা ঘুরতে কি বোর লাগে না? কেন বোর লাগবে—যদি জায়গাগুলো হয় এমন। আর আমার বন্ধুদের ব্যায়াম করতে ভালো লাগে না। যেসব জায়গায় যাই, সেখানে এত হাঁটতে হয় যে ওরা আসতেই চায় না। নানা অজুহাত দেয়—ফুট ম্যাসাজ করতে হবে, লাঞ্চের সময় লাঞ্চ করতে হবে, এত হাঁটতে পারবে না। এই জন্য ওদের রেখে আমি একাই ঘুরতে পারি।’
বন্ধুদের অপেক্ষায় না থেকে নিজের পছন্দমতো ঘুরে বেড়ানোতেই যে আনন্দ খুঁজে পান প্রভা, তাঁর কথায় সেটিই উঠে এসেছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮