সাগর আহমেদ জজ, নেত্রকোনা প্রতিনিধি,
নেত্রকোনার পূর্বধলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টাসহ সরকার পতনের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বিশকাকুনী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম (২৪), জারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন (৫০), বৈরাটি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম মুন্তাসির বিল্লাহ আপন (১৯) এবং উপজেলা আওয়ামী লীগের কর্মী আসাদুজ্জামান রতন (৩৮)।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার খাইরুল ইসলাম ও নুরুল আমিনের বিরুদ্ধে গত ১০ নভেম্বর পূর্বধলা থানায় দায়ের করা একটি মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর বিভিন্ন ধারায় অভিযোগ রয়েছে। অন্যদিকে, মুন্তাসির বিল্লাহ আপনকে গত ২২ আগস্ট দায়ের করা একটি মামলায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩) ধারায় এবং আসাদুজ্জামান রতনকে ৫ আগস্ট দায়ের করা পৃথক আরেকটি মামলায় একই আইনের একই ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
পূর্বধলায় রাতভর পুলিশের অভিযান, নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মী গ্রেপ্তার
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮