প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩, ২০২৬, ১:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩, ২০২৬, ১২:২১ পি.এম
পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: মাদক ও যানবাহনসহ গ্রেফতার ১, পলাতকদের খোঁজে তৎপরতা

মোঃ সাগর ইসলাম,
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও যানবাহনসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সময়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটক ব্যক্তিকে পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৩১ জুলাই রাতে দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধীনস্থ চান্দেরহাট বিওপির একটি টহল দল পীরগঞ্জের নওডাঙ্গা কালঞ্চা এলাকায় অভিযান চালায়। সীমান্ত পিলার ৩৩৪/৬-এস থেকে আনুমানিক দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে ১০ গ্রাম গাঁজা ও একটি বাইসাইকেলসহ মোঃ হাছান আলী (৪৫) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। আটক হাছান আলী কালঞ্চা গ্রামের মৃত ময়েন উদ্দীনের ছেলে।
পরে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম রব্বানী সরদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হাছান আলীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্ত আসামিকে পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে, পরদিন ১ আগস্ট দুপুরে একই বিওপির জোয়ানরা কালঞ্চা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৬ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং একটি মোটরসাইকেল উদ্ধার করেন। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে জড়িত চোরাকারবারিরা পালিয়ে যায়। উদ্ধারকৃত মালামালের মোট আনুমানিক সিজার মূল্য ৬৫ হাজার ৩৩৫ টাকা।
দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মঈন হাসান জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে। পালিয়ে যাওয়া মাদক কারবারিদের শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২