সাদ্দাম আলী
নীলফামারী থেকে।।
নীলফামারীতে পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বুধবার-২০মার্চ-সকাল ৮টার দিকে নীলফামারী-সৈয়দপুর মহাসড়কের জোড় দারগা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি-তানভীরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— জেলার সৈয়দপুরের বাঙ্গালীপুর নিজ পাড়া এলাকার রিয়াজ উদ্দীনের ছেলে আবু তাহের-৫৭-ও নওগাঁ জেলার খাস নওগাঁ এলাকার আসাদ আলী প্রামানিকের ছেলে নুরে আলম সিদ্দিকী। আবু তাহের জলঢাকা মৎস্য অফিসের অফিস সহায়ক ও নুরে আলম সিদ্দিকী মার্কেন্টাইল ব্যাংক নীলফামারী শাখায় কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সৈয়দপুর শহর থেকে চার যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা নীলফামারীর দিকে যাচ্ছিল। এসময় সৈয়দপুর-নীলফামারী মহাসড়কের জোড় দারগা এলাকায় অটোরিকশাটি আসা মাত্র পিছন থেকে নীলফামারী গামী একটি পিকআপ ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আরও একজন। পরে স্থানীয়রা ৯৯৯ এ ফোন দিলে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতকে হাসপাতালে পাঠান।
মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্রের ম্যানেজান দলিলুর রহমান বলেন, হটাৎ বিকট শব্দ শুনে অফিসে থেকে বের হয়ে দেখি কয়েকজন পড়ে আছে রাস্তায়। এরমধ্যে একজন মারা যাওয়ার অবস্থায়, আরেকজন ৫ মিনিটের মতো জীবিত ছিল। আর আহত হন একজন। পরে ৯৯৯ এ ফোন দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
ওসি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনা কবলিত অটোরিকশাটি থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

























