নিজস্ব প্রতিবেদক,
বাংলাদেশি পাসপোর্টে আবারও “একসেপ্ট ইসরাইল” শর্ত যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২৪ মে) সচিবালয়ে এক সংলাপে তিনি বলেন, নতুনভাবে ইস্যু করা পাসপোর্টগুলোতে আগের মতোই এই বাক্যটি থাকবে। তার ভাষ্য অনুযায়ী, এটি সরকারের সিদ্ধান্ত এবং জনমতের প্রতিফলন হিসেবেই করা হচ্ছে।
তিনি আরও জানান, পাসপোর্টের ডিজাইন ও ভিসা পেইজে জাতীয় ঐতিহ্য, সংস্কৃতি ও দর্শনীয় স্থানগুলোকে তুলে ধরা হবে। এর মধ্যে জাতীয় স্মৃতিসৌধ, কক্সবাজার সমুদ্র সৈকত, টাঙ্গুয়ার হাওরসহ বিভিন্ন প্রতীকী স্থান থাকতে পারে।
এছাড়া টাকার নোটে বীরশ্রেষ্ঠদের ছবি সংযোজনের বিষয়েও উদ্যোগের কথা জানান তিনি, যদিও এটি অর্থ মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতে এসব ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব বা একপাক্ষিক দৃষ্টিভঙ্গি ছিল বলে দাবি করে তিনি ভবিষ্যতে জাতীয় সংস্কৃতি ও পরিচয়কে অগ্রাধিকার দিয়ে নকশা সাজানোর কথা জানান।
সব মিলিয়ে নতুন পাসপোর্ট ডিজাইনে দেশের ইতিহাস, প্রকৃতি ও সাংস্কৃতিক পরিচয় তুলে ধরার পাশাপাশি পূর্বের কিছু নীতিগত সিদ্ধান্ত পুনর্বহালের ইঙ্গিত পাওয়া গেছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮