চট্টগ্রাম প্রতিনিধি:
রবিবার সকালে ঢাকার বেইলি রোডে পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, চাংক্রান ও চাংলান উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালির উদ্বোধনকালে ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী জনাব মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, পার্বত্য অঞ্চলের এই বর্ণিল সাংস্কৃতিক বৈচিত্র্যই হলো প্রকৃত বাংলাদেশ। তিনি এই সম্প্রীতির বন্ধনকে বিশ্বদরবারে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব দীপেন দেওয়ান এমপি।
ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী জনাব মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি তাঁর বক্তব্যে আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সকল ধর্ম-বর্ণ ও ক্ষুদ্র গোষ্ঠী সম্প্রদায়কে 'বাংলাদেশী' জাতীয়তাবাদের পতাকাতলে ঐক্যবদ্ধ করেছিলেন। প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, সেই ধারাবাহিকতায় আমাদের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি 'রংধনু জাতি' গঠনের যে স্বপ্ন দেখেছেন, আজকের এই উৎসবমুখর র্যালি তারই প্রতিফলন।

প্রতিমন্ত্রী জনাব মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি আরও উল্লেখ করেন যে, পার্বত্য চট্টগ্রামের ১১টি সম্প্রদায় ও বাঙালিদের মধ্যকার এই সৌহার্দ্যই প্রমাণ করে বাংলাদেশ সাংস্কৃতিক দিক থেকে এই অঞ্চলের সবচেয়ে সমৃদ্ধ দেশ। তিনি বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে 'সবার আগে বাংলাদেশ' নীতি ধারণ করে দেশ উন্নতি ও সম্প্রীতির পথে এগিয়ে যাবে।
র্যালিটি বেইলি রোডের পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে শুরু হয়ে রমনা পার্কের লেক প্রান্তে গিয়ে 'বিজু ফুল' অর্পণের মাধ্যমে শেষ হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান ও অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে উৎসবের সফল আয়োজনের জন্য মন্ত্রী জনাব দীপেন দেওয়ান ও তাঁর পত্নী মিসেস মৈত্রী চাকমার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
র্যালিতে ঢাকায় বসবাসরত তিন পার্বত্য জেলার বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তাদের ঐতিহ্যবাহী রঙিন পোশাকে অংশগ্রহণ করেন, যা বেইলি রোড এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮