তৌহিদুল ইসলাম চঞ্চল,
লালমনিরহাটের সীমান্তবর্তী পাটগ্রাম উপজেলায় ধরলা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের দায়ে জব্দ করা ড্রেজার মেশিন ছিনিয়ে নেওয়ার অপচেষ্টা এবং বিজিবি ক্যাম্পে প্রবেশ করে দায়িত্বরত জোয়ানদের সরাসরি হুমকি দেওয়ার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সরকারি কাজে নগ্ন হস্তক্ষেপ ও বাধা প্রদানের অভিযোগে ঘটনাস্থল থেকেই স্থানীয় বিএনপির চার শীর্ষ নেতাসহ মোট ছয়জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বিজিবির দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে পাটগ্রাম থানা পুলিশ।
আটককৃতরা হলেন—পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী, ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের সক্রিয় নেতাকর্মী মতিউর রহমান, শাহাদাত হোসেন ও দুলাল মিয়া।
পুলিশ, বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র সীমান্তসংলগ্ন ধরলা নদীতে শক্তিশালী ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাতে উপজেলার আলাউদ্দিন নগর মেচেরঘাট এলাকার ধরলা নদীতে বিজিবির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানকালে নদী থেকে অবৈধ পাথর তোলায় ব্যবহৃত একটি ড্রেজার মেশিন জব্দ করে বিজিবি জোয়ানরা সেটিকে আলাউদ্দিন নগর বিজিবি ক্যাম্পে নিয়ে আসেন।
ড্রেজার মেশিন আটকের খবর এলাকায় ছড়িয়ে পড়লে বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামের নেতৃত্বে একদল নেতাকর্মী সংগঠিত হয়ে সরাসরি বিজিবি ক্যাম্পের ভেতরে প্রবেশ করেন।
একপর্যায়ে তারা চরম উগ্র আচরণ প্রদর্শন করে দায়িত্বরত বিজিবি সদস্যদের ওপর চড়াও হন, অকথ্য ভাষায় হুমকি-ধমকি দেন এবং ক্যাম্প থেকে জোরপূর্বক জব্দকৃত ড্রেজারটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালান। এ সময় বিজিবি সদস্যরা অত্যন্ত দৃঢ় ও পেশাদার অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সরকারি দায়িত্বে বাধা প্রদান ও ক্যাম্পের নিরাপত্তা লঙ্ঘনের দায়ে ঘটনাস্থল থেকেই উক্ত ছয়জনকে আটক করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল রহমান জানান, বিজিবি ক্যাম্পে অনধিকার প্রবেশ, দায়িত্বরত সদস্যদের হুমকি প্রদান এবং সরকারি মালামাল ছিনতাইয়ের চেষ্টার সুনির্দিষ্ট অভিযোগে বিজিবির পক্ষ থেকে পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় আটককৃত ছয়জনকে গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮