এম জালাল, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি,
খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ স্বামীর চিকিৎসা করাতে এসে হারিয়ে যাওয়া ৪ হাজার ৮০০ টাকা ফিরে পেয়েছেন কবিতা রানী। হাসপাতালের আউটসোর্সিং কর্মী শেখ নাসিম আহমেদের সততা ও দায়িত্বশীলতায় টাকাগুলো ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন তিনি।
বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১টার দিকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অসুস্থ স্বামী সন্দীপ সানার চিকিৎসার জন্য হাসপাতালে আসেন কবিতা রানী। এ সময় অসাবধানতাবশত পলিথিনে মোড়ানো ৪ হাজার ৮০০ টাকা জরুরি বিভাগের সামনে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করেও টাকা না পেয়ে দিশেহারা হয়ে পড়েন তিনি।
এদিকে, হাসপাতালের আউটসোর্সিং কর্মী শেখ নাসিম আহমেদ জরুরি বিভাগের সামনে পলিথিনে মোড়ানো টাকাগুলো পড়ে থাকতে দেখে তা উদ্ধার করেন। পরে তিনি টাকাগুলো উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদের কাছে জমা দেন। পাশাপাশি হাসপাতালে ঘোষণা দেওয়া হয়, কারও টাকা পাওয়া গেছে। যথাযথ প্রমাণ দিতে পারলে প্রকৃত মালিককে তা ফেরত দেওয়া হবে।
ঘোষণাটি জানতে পেরে কবিতা রানী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে যান। প্রয়োজনীয় প্রমাণ যাচাই শেষে ডা. আহসানারা বিনতে আহমেদ তাঁর হাতে ৪ হাজার ৮০০ টাকা তুলে দেন।
জানা গেছে, কবিতা রানীর বাড়ি উপজেলার সোলাদানা ইউনিয়নের খালিয়ারচক গ্রামে। এবং স্বামী সন্দীপ সানা হৃদ্রোগে আক্রান্ত।
এদিকে, হারানো টাকা যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দিয়ে প্রকৃত মালিককে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়ায় আউটসোর্সিং কর্মী শেখ নাসিম আহমেদের সততা ও নিষ্ঠার প্রশংসা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। তাঁর এ দায়িত্বশীল আচরণ অন্যদের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮