পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনার পাইকগাছায় সাইবার অপরাধের শিকার হয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও মৎস্য আড়ৎদারী সমবায় সমিতির সহ-সভাপতি রেজাউল মোড়ল। তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগে তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৫ মার্চ ২০২৬ তারিখে "এক্সিকিউটিভ নিউজ” নামের একটি ফেসবুক আইডি থেকে রেজাউল মোড়লের ছবি ব্যবহার করে একটি ভিত্তিহীন ও মানহানিকর পোস্ট প্রকাশ করা হয়। বিষয়টি প্রথমে তার চাচা মো. লুৎফর রহমানের নজরে আসে। পরে তিনি পোস্টটির লিংক রেজাউল মোড়লকে পাঠালে বিষয়টি তার দৃষ্টিগোচর হয়।
এ বিষয়ে রেজাউল মোড়ল বলেন, আমি দীর্ঘদিন ধরে সামাজিক ও ব্যবসায়িক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। একটি স্বার্থান্বেষী কুচক্রী মহল পরিকল্পিতভাবে আমার সামাজিক মর্যাদা ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করতে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
তিনি আরও জানান, কে বা কারা কী উদ্দেশ্যে তার ছবি ব্যবহার করে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে তা তিনি বুঝতে পারছেন না। এই অপপ্রচারের ফলে তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে তিনি পাইকগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ৭৯৬) দায়ের করেছেন।
জিডির তদন্তকারী কর্মকর্তা এসআই সুমন গাইন জানান, অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। সাইবার অপরাধের সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮