এম জালাল, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাইকগাছার লতা ইউনিয়নের বেতাঙ্গী নদীতে অবৈধভাবে স্থাপিত নেট-পাটা ও বাঁধ অপসারণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (৪ এপ্রিল) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে রাব্বী।
অভিযান চলাকালে নদীর বিভিন্ন পয়েন্টে বসানো অবৈধ নেট-পাটা জব্দ করা হয়। এতে নদীর স্বাভাবিক প্রবাহ পুনরুদ্ধার এবং জলজ প্রাণীর নিরাপদ বিচরণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল বেতাঙ্গী নদীতে অবৈধভাবে নেট-পাটা স্থাপন করে মাছ শিকার করে আসছিল। এর ফলে দেশীয় প্রজাতির মাছের প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল এবং নদীর পরিবেশগত ভারসাম্য হুমকির মুখে পড়েছিল।
এ পরিস্থিতি মোকাবেলায় জনস্বার্থে এবং নদীর স্বাভাবিক গতিপথ সচল রাখতে উপজেলা প্রশাসন এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, সরকারি সম্পদ রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। কোনোভাবেই নদী দখল বা অবৈধ উপায়ে মৎস্য আহরণ বরদাস্ত করা হবে না।
এদিকে, প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা নদী দখলমুক্ত রাখতে নিয়মিত তদারকি ও কঠোর পদক্ষেপ অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮