এম জালাল, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নের শ্রীকন্ঠপুর এলাকায় সরকারি খাস জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগে উপজেলা প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে।
শনিবার (১১ এপ্রিল) বিকালে অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী ঘটনাস্থল পরিদর্শনে যান। সরেজমিনে দেখা যায়, স্থানীয় সায়েদ আলী সরদারের ছেলে শাহিনুর সরদার সরকারি খাস জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণ করছিলেন। অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয় এবং নির্মাণাধীন অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।
অভিযান চলাকালে সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী উপস্থিত থেকে সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন। এ সময় স্থানীয় প্রশাসনের অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি খাস জমি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ-যা কোনো ব্যক্তি বা গোষ্ঠী অবৈধভাবে দখল করতে পারে না। এ ধরনের দখল ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, সরকারি সম্পত্তি রক্ষায় আমরা সর্বদা কঠোর অবস্থানে রয়েছি। খাস জমি দখলের কোনো অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, প্রশাসনের এমন কার্যক্রমে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা সরকারি জমি দখলমুক্ত রাখতে প্রশাসনের ধারাবাহিক নজরদারি ও দ্রুত পদক্ষেপ অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮