
জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত টেকসই উন্নয়নবিষয়ক উচ্চপর্যায়ের রাজনৈতিক ফোরামে জলবায়ু সহনশীলতা, পানি নিরাপত্তা, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং উদ্ভাবনভিত্তিক শিল্পায়নকে বাংলাদেশের উন্নয়ন কৌশলের অন্যতম অগ্রাধিকার হিসেবে তুলে ধরা হয়েছে।
শনিবার নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এ তথ্য জানায়।
ফোরামে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক এস এম আবদুল আউয়াল। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং টেকসই পানি ব্যবস্থাপনায় বাংলাদেশ দীর্ঘদিন ধরেই পরিকল্পিত উদ্যোগ বাস্তবায়ন করে আসছে।
তিনি জানান, সেচব্যবস্থা উন্নয়ন, বৃষ্টির পানি সংরক্ষণ, ভূগর্ভস্থ পানির স্তর পুনরুদ্ধার এবং গ্রামীণ ও শহরাঞ্চলে নিরাপদ পানীয়জলের সরবরাহ নিশ্চিত করতে আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের পরিকল্পনা নিয়েছে সরকার।
এ সময় তিস্তা ব্যারাজ প্রকল্পসহ আন্তঃসীমান্ত নদীর পানি ব্যবস্থাপনায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
এসডিজি-৯ বিষয়ক পৃথক অধিবেশনে অধ্যাপক আউয়াল বলেন, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ এখন সহনশীল অবকাঠামো, টেকসই শিল্পায়ন এবং উদ্ভাবননির্ভর অর্থনৈতিক উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
তিনি জানান, ভবিষ্যতের কর্মসংস্থানের চাহিদা পূরণে সরকার দক্ষতা উন্নয়ন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা, ডিজিটাল অবকাঠামো এবং উদ্যোক্তা তৈরিতে বিনিয়োগ বাড়াচ্ছে। লক্ষ্য, একটি জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তোলা।
আন্তর্জাতিক বিনিয়োগকারীদের উদ্দেশে তিনি বাংলাদেশের কৃষি, জৈবপ্রযুক্তি, ওষুধশিল্প, চামড়াশিল্প, ডিজিটাল প্রযুক্তি ও সৃজনশীল শিল্পে বিনিয়োগের আহ্বান জানান।
অধ্যাপক আউয়াল বলেন, সাম্প্রতিক অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশে একটি স্থিতিশীল, স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব পরিবেশ প্রতিষ্ঠিত হয়েছে। ফলে বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন আরও সম্ভাবনাময় গন্তব্যে পরিণত হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, সরকারের এসব উদ্যোগ দেশের উন্নয়নকে আরও গতিশীল করবে, নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে এবং একটি সহনশীল, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮