ফারহান ইসলাম, হিলি ও পাঁচবিবি প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় অনলাইন জুয়া (ক্যাসিনো) খেলার ফলে আর্থিকভাবে নিঃস্ব হয়ে মমিনুল ইসলাম (২৮) নামের এক যুবক গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে।
আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বালিঘাটা ইউনিয়নের গনেশপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহত মমিনুল ঐ গ্রামের মৃত একরামুল হকের ছেলে।
জানা যায়, মমিনুল ইসলাম জীবিকার তাগিদে ঢাকায় অবস্থানকালে অনলাইন জুয়া খেলায় জড়িয়ে পড়েন। এতে তিনি আর্থিকভাবে সম্পূর্ণ নিঃস্ব হয়ে যান। মঙ্গলবার দুপুরে নিজ বাড়িতে অবস্থানকালে পরিবারের অগোচরে তিনি নিজের শয়নকক্ষে জমিতে দেওয়া বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন।
পরিবারের লোকজন তাকে দ্রুত পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য জেলা হাসপাতাল জয়পুরহাটে রেফার্ড করেন। সেখানে অবস্থার অবনতি হলে মমিনুল ইসলামকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। কিন্তু পথে তার মৃত্যু হয়।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মোঃ রায়হান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮