দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
পর্যটন খাতে বাংলাদেশের জিডিপিতে অবদান বর্তমানে প্রায় ৩ শতাংশ থেকে ৭ শতাংশে উন্নীত করার লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও বাংলাদেশ পর্যটন পুরস্কার-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আয়োজিত অনুষ্ঠানে ১৩টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়।
মন্ত্রী বলেন, বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন হাবে রূপান্তরে সরকারের পরিকল্পনায় পর্যটন মহাপরিকল্পনা চূড়ান্তকরণ, নদী ও জলভিত্তিক পর্যটন সম্প্রসারণ এবং বেসরকারি বিনিয়োগ আকর্ষণকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
তিনি জানান, কক্সবাজারকে আঞ্চলিক পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হচ্ছে। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরের কাজ চলছে এবং নভেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধনের আশা করা হচ্ছে। বিভিন্ন দেশ থেকে সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগও নেওয়া হয়েছে।
দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন স্পটে পিপিপি, যৌথ উদ্যোগ ও লিজিংয়ের মাধ্যমে বিনিয়োগের সুযোগ রয়েছে বলেও জানান মন্ত্রী। পাশাপাশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশের জনবল বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা পর্যটন বিকাশে ভিসা প্রক্রিয়া সহজ করা, প্রযুক্তির ব্যবহার, দক্ষ মানবসম্পদ তৈরি এবং পর্যটনকেন্দ্রিক অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্ব দেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮