স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মার চরাঞ্চল এলাকায় পুলিশের ওপর হামলা চালিয়ে এক আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (সকাল সাড়ে ৭টার দিকে) উপজেলার চর- হরিরামপুর ইউনিয়নের মুন্সিরচর বাজারে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন চর-হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. কবির খান (৫২)।
পুলিশ জানায়, সন্ত্রাস দমন আইনে কবির খানকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হয়। তাকে হ্যান্ডকাফ পরানোর পরপরই তার নেতৃত্বে থাকা লাঠিয়াল বাহিনী পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা কিল- ঘুষি ও লাঠিসোঁটার আঘাতে পুলিশ সদস্যদের আহত করে এবং হ্যান্ডকাফ পরা অবস্থায় কবির খানকে ছিনিয়ে নিয়ে যায়।
"আহত পুলিশ সদস্যরা হলেন-- এস.আই রফিকুজ্জামান, এস.আই কাজী রিপন, এস.আই মোজাম্মেল হক বিশ্বাস, এ.এস.আই সোহেল গাজী ও কনস্টেবল উজ্জ্বল হোসেন। আহতদের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় চরভদ্রাসন থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
"চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, আহত চার পুলিশ সদস্য হাসপাতালে ভর্তি রয়েছেন। আরেক জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
"চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত কর্মকর্তা থানার সেকেন্ড অফিসার এস.আই রফিকুজ্জামান জানান, কবির খানের বিরুদ্ধে একাধিক মামলা ও বিভিন্ন অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে পদ্মা নদী পাড়ি দিয়ে চর হরিরামপুরের দুর্গম চরাঞ্চলের মুন্সিরচর বাজারে অভিযান চালানো হয়। এ সময় তাকে আটক করে হ্যান্ডকাফ পরানো হলে তিনি ধস্তাধস্তি শুরু করেন। তার চিৎকারে ২০-২৫ জনের একটি লাঠিয়াল দল ঘটনাস্থলে এসে পুলিশের ওপর হামলা চালায় এবং তাকে ছিনিয়ে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কবির খানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ভূমি দখল- সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। তিনি নিজস্ব লাঠিয়াল বাহিনীর মাধ্যমে চরাঞ্চলে প্রভাব বিস্তার করে আসছেন বলে এলাকাবাসীর অভিযোগ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮