আন্তর্জাতিক ডেস্ক,
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার পদত্যাগের গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, পদত্যাগের কোনো সিদ্ধান্ত তার নেই এবং তিনি স্বাভাবিকভাবেই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে যাচ্ছেন।
একই সঙ্গে তার প্রশাসনের সঙ্গে ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতৃত্বের মতবিরোধ রয়েছে—এমন দাবিও প্রত্যাখ্যান করেছেন ইরানের প্রেসিডেন্ট।
ইরানের বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রশাসনের দুই বছর পূর্তি উপলক্ষে দেওয়া এক টেলিভিশন সাক্ষাৎকারে এসব কথা বলেন পেজেশকিয়ান।
সাক্ষাৎকারটি সম্প্রচারের আগে এর কিছু অংশ প্রকাশ করে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি)। সেখানে প্রেসিডেন্ট বলেন, তার সরকার দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে পূর্ণ সমন্বয় বজায় রেখে কাজ করছে।
তিনি বলেন, ‘আমরা সামরিক বাহিনীর সঙ্গে সম্পূর্ণ সমন্বয়ের ভিত্তিতে কাজ করছি।’
পদত্যাগের গুঞ্জন প্রসঙ্গে পেজেশকিয়ান বলেন, ‘এসব পুরোপুরি গুজব। আমি যদি কখনো পদত্যাগের সিদ্ধান্ত নিই, তাহলে সেটি আমি নিজেই জনগণকে জানাব। তবে আমি পদত্যাগ করছি না এবং নিজের দায়িত্ব পালনে অটল থাকব।’
তিনি আরও বলেন, একটি মহল তার প্রশাসন ও ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মধ্যে বিভেদ রয়েছে—এমন ধারণা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। তবে এ ধরনের দাবির কোনো সত্যতা নেই।
সম্প্রতি প্রেসিডেন্টের পদত্যাগ নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে প্রকাশ্যে অবস্থান জানান পেজেশকিয়ান।
এর আগে প্রেসিডেন্টের দপ্তরের তথ্য ও জনসংযোগবিষয়ক উপপরিচালক মোহাম্মদ মাহদি তাবাতাবায়ীও পদত্যাগসংক্রান্ত খবরকে ‘ভিত্তিহীন’ ও ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেন।
তিনি অভিযোগ করেন, রাজনৈতিক কট্টরপন্থি কিছু গোষ্ঠী জাতীয় ঐক্য দুর্বল করার উদ্দেশ্যে এবং ইরানের শত্রুদের স্বার্থে এ ধরনের গুজব ছড়িয়ে দিচ্ছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮