সাগর আহমেদ জজ, নেত্রকোনা প্রতিনিধি,
‘পরিচ্ছন্ন হাত, সুস্থ জীবনের ভিত্তি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার মদনে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও হাত ধোয়ার কৌশল প্রদর্শনের মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ পালিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) মদন উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
দিবসটি উপলক্ষে দুপুর ১টায় মদন উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাবলিক হল মিলনায়তনে গিয়ে শেষ হয়। এ সময় ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডের মাধ্যমে জনসাধারণের মধ্যে পরিচ্ছন্নতা, স্বাস্থ্যসচেতনতা এবং সঠিক নিয়মে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়।
পরে পাবলিক হল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. এ. কাদের। তিনি বলেন, সুস্থ ও রোগমুক্ত সমাজ গঠনে সঠিক নিয়মে হাত ধোয়ার কোনো বিকল্প নেই। বিশেষ করে খাবার তৈরি ও গ্রহণের আগে এবং টয়লেট ব্যবহারের পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। নিয়মিত হাত ধোয়ার মাধ্যমে বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজের সরকারি অধ্যাপক মো. মুখলেছুর রহমান, মদন থানার তদন্ত কর্মকর্তা ওসি অসীম কুমার, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান মিজান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএম ডা. তায়েব হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইমরান হাবিব, মদন জোনাল অফিসের ডিজিএম আব্দুল্লাহ ইবনে আজিজ, উপজেলা প্রকৌশলী মো. আরিফউল্লাহ, উপজেলা আনসার কর্মকর্তা প্রণেতোষ ঘোষ, ১ নম্বর কাইটাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু তাহের আজাদ এবং ৮ নম্বর ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল হায়দার শফি। এ ছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে কোমলমতি শিক্ষার্থীদের সামনে সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার ছয়টি ধাপ হাতে-কলমে প্রদর্শন করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, ব্যক্তিগত পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ এবং শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলাই বিশ্ব হাত ধোয়া দিবসের অন্যতম উদ্দেশ্য। নিয়মিত ও সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস পরিবার ও সমাজকে বিভিন্ন রোগ থেকে সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮