সাগর আহমেদ জজ, নেত্রকোনা প্রতিনিধি,
নেত্রকোনার বারহাট্টায় এক রাতেই কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতাসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একাধিক নেতার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে।
হামলার শিকার কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপকমিটির সদস্য ইমরান হোসেন সুমনের বাড়ি উপজেলার পাটলী এলাকায়। দুর্বৃত্তরা তাঁর বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করে বলে জানা গেছে। এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের দায়ী করে অভিযোগ করেছেন ইমরান হোসেন সুমন। তবে অভিযোগের বিষয়ে স্থানীয় বিএনপির কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, একই রাতে বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী শাখাওয়াত হোসেনের মার্কেটের দোকানপাটে হামলা ও ভাঙচুর চালানো হয়। এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলামের বাড়িতেও হামলা চালানো হয়। এ সময় আমিরুল ইসলামের ছোট ভাই দুলালের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, আওয়ামী লীগ নেতা লুতফর রহমান চঞ্চল, সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান ও হাসমত মোল্লার বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ রয়েছে। একই সঙ্গে হাসমত মোল্লার দোকান এবং উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক উত্তম সাহার ব্যবসাপ্রতিষ্ঠানেও ভাঙচুর করা হয়।
অন্যদিকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বারহাট্টা উপজেলা শাখার আহ্বায়ক ইমরান হাসান সাকিব, যুগ্ম আহ্বায়ক নওশাদ হাসান সন্দীপ, রাজীব ও সেজান মোল্লার বাড়িতেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সিলেটের জাফলংয়ে ইমরান হোসেন সুমনের বাড়ি ও কারখানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। সে সময় কারখানার যন্ত্রপাতি খুলে নিয়ে যাওয়া এবং কোটি টাকা মূল্যের কয়েকটি ক্রাশার মেশিন লুটের অভিযোগও করেছিলেন তিনি।
এদিকে, এক রাতে একাধিক বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের ঘটনায় এলাকায় উদ্বেগ ও আলোচনা সৃষ্টি হয়েছে।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বলেন, এসব ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে ঘটনাগুলোর বিষয়ে তিনি অবগত হয়েছেন। পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। কেউ অভিযোগ করলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮