সাগর আহমেদ জজ, নেত্রকোনা প্রতিনিধি,
নেত্রকোনার পূর্বধলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও আগিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রয়েছেন।
সরকার পতনের চেষ্টা, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি, নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনের পৃথক দুটি মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
রোববার (২২ নভেম্বর) বিকেল থেকে দিবাগত রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান চন্দন কুমার কুন্ডু রায় (৪৬), উপজেলা আওয়ামী লীগের সদস্য ও আগিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম রুবেল (৪৫), উপজেলা আওয়ামী লীগের সদস্য হারুন অর রশিদ (৪৭) এবং বিশকাকুনী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশিক হাসান আল আমিন।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বিকেলে আশিক হাসান আল আমিনকে গ্রেপ্তার করা হয়। তাঁকে পূর্বধলা থানার ২২ আগস্টের মামলা নম্বর ৩০-এ গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটি বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় করা হয়েছে।
অন্যদিকে, চন্দন কুমার কুন্ডু রায়, সিরাজুল ইসলাম রুবেল ও হারুন অর রশিদকে একই দিন দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে উপজেলার হোগলা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁদের পূর্বধলা থানার ৬ আগস্টের মামলা নম্বর ১০-এ গ্রেপ্তার দেখানো হয়েছে। এ মামলাটিও বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় দায়ের করা হয়েছে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার চারজনকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮