সাগর আহমেদ জজ, নেত্রকোনা প্রতিনিধি,
নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে তথ্য সংগ্রহের নির্ভুলতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।
সোমবার ও মঙ্গলবার (২ ও ৩ নভেম্বর) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম।
এ সময় তিনি ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রমে সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন। পাশাপাশি প্রতিটি পরিবারের প্রকৃত তথ্য যাচাই-বাছাই করে নির্ভুলভাবে লিপিবদ্ধ করা এবং তথ্য সংগ্রহে কোনো ধরনের অনিয়ম, ভুল কিংবা পক্ষপাতিত্ব যেন না ঘটে, সে বিষয়ে গুরুত্বারোপ করেন।
উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫৫ জন তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার অংশগ্রহণ করেন। পর্যায়ক্রমে অবশিষ্ট কর্মীদের প্রশিক্ষণও দ্রুত সম্পন্ন করা হবে। ইতোমধ্যে পূর্বধলা উপজেলার বিভিন্ন এলাকায় ফ্যামিলি কার্ড কর্মসূচির মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সদস্যসংখ্যা, পরিচিতি ও প্রয়োজনীয় অন্যান্য তথ্য সংগ্রহ করবেন।
এদিকে তথ্য সংগ্রহ কার্যক্রম নির্বিঘ্ন ও সহজ করতে সংশ্লিষ্ট পরিবারগুলোকে প্রাপ্তবয়স্ক সদস্যদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি), শিশুদের জন্মনিবন্ধন সনদ এবং একটি সচল মোবাইল নম্বর প্রস্তুত রাখার অনুরোধ জানানো হয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, যথাযথ প্রশিক্ষণ ও নির্ভুল তথ্য সংগ্রহের মাধ্যমে পূর্বধলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের প্রাথমিক কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও সুশৃঙ্খল হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮