সাগর আহমেদ জজ, নেত্রকোনা প্রতিনিধি,
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে দলবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করেছেন ১৯ বছর বয়সী এক তরুণী। এ ঘটনায় দায়ের করা মামলায় ওই তরুণীর প্রেমিকসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) সকালে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের কাশিপুর গ্রামের ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী তরুণীর বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায়।
অভিযোগ সূত্রে জানা গেছে, কাশিপুর গ্রামের বিল্লাল (২২) নামের এক যুবকের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের সূত্র ধরে শনিবার রাতে তিনি ঈশ্বরগঞ্জ থেকে কেন্দুয়ায় আসেন। পরে বিল্লাল তাঁকে গ্রামের ঈদগাহ মাঠে নিয়ে যান। একপর্যায়ে বিল্লাল তাঁর দুই বন্ধু হারুন (২৭) ও রুবেলকে (২৫) সেখানে ডেকে আনেন। পরে তিনজন মিলে তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। ঘটনার পর তাঁকে সেখানে রেখে অভিযুক্তরা চলে যান।
এ ঘটনার পর ভুক্তভোগী তরুণী রাতেই কেন্দুয়া থানায় গিয়ে বিল্লালসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ করেন। পরে তাঁর অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে আটক করে।
আটক অন্য দুজন হলেন কাশিপুর গ্রামের রুস্তম আলীর ছেলে হারুন (২৭) ও এখলাছ মিয়ার ছেলে রুবেল (২৫)। পুলিশ জানিয়েছে, আটক তিনজনই পেশায় ভ্যানচালক।
কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) সজল সরকার জানান, ভুক্তভোগী নিজেই বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন। ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮