সাগর আহমেদ জজ, নেত্রকোনা প্রতিনিধি,
জাল কাগজপত্রের মাধ্যমে জন্মনিবন্ধন সনদ তৈরি করে বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট নেওয়ার চেষ্টার অভিযোগে দুই রোহিঙ্গা নাগরিকসহ চারজনকে আটক করেছে পুলিশ। নেত্রকোনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদন করতে গিয়ে কথাবার্তা ও দাখিল করা নথিপত্রে অসংগতি ধরা পড়ার পর তাঁদের পরিচয় নিয়ে সন্দেহ সৃষ্টি হয়। পরে বিষয়টি তদন্তে সামনে এলে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—রোহিঙ্গা তরুণী কাউসার বিবি ওরফে শাহারা খাতুন (১৯), তাঁর বাবা রশিদউল্লাহ ওরফে বদিউল আলম (৪০), পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের পাটলি গ্রামের আব্দুল জলিল (৪২) এবং সদর ইউনিয়নের ইলাশপুর গ্রামের মো. আজিজুল (৩০)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৪ নভেম্বর কাউসার বিবি ও তাঁর বাবা পূর্বধলা উপজেলার পাটলি গ্রামের একটি বাড়িতে আসেন। অভিযোগ রয়েছে, প্রায় দুই মাস আগে স্থানীয় কয়েকজনের সহযোগিতায় জাল কাগজপত্র তৈরি করে কাউসারের নামে জন্মনিবন্ধন সনদ সংগ্রহ করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের দুই উদ্যোক্তার সম্পৃক্ততার অভিযোগও উঠেছে। প্রাথমিকভাবে জানা গেছে, দালালের মাধ্যমে তাঁরা কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে পূর্বধলায় আসেন।
পরে নেত্রকোনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্টের আবেদন করতে গেলে কাউসারের কথাবার্তা ও জমা দেওয়া কাগজপত্রে অসংগতি নজরে আসে কর্মকর্তাদের। এতে তাঁদের সন্দেহ হলে বিষয়টি আগিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অবহিত করা হয়।
আগিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানোয়ার হোসেন চৌধুরী বলেন, বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করার চেষ্টার বিষয়টি জানার পর সংশ্লিষ্ট ব্যক্তিদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নেওয়া হয়। পরে ইউএনওর নির্দেশে চারজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম কোনো বক্তব্য দিতে রাজি হননি।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, দুই বিদেশি নাগরিক ও উপজেলার দুই বাসিন্দাকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯৫২ সালের পাসপোর্ট (বাংলাদেশে প্রবেশ) আইনের ৪ ধারা এবং দণ্ডবিধির জালিয়াতি-সংক্রান্ত ধারায় মামলার প্রক্রিয়া চলছে।
জন্মনিবন্ধন নিয়ে উঠছে বড় প্রশ্ন
এ ঘটনায় সবচেয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে, একজন বিদেশি নাগরিক কীভাবে স্থানীয় ঠিকানা ব্যবহার করে বাংলাদেশের জন্মনিবন্ধন সনদ পেলেন? এর পেছনে কারা জড়িত, কীভাবে তৈরি হলো এসব জাল নথিপত্র এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের কোনো কর্মকর্তা-কর্মচারী বা জনপ্রতিনিধির সম্পৃক্ততা রয়েছে কি না—তা নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে।
স্থানীয়দের দাবি, শুধু পাসপোর্ট আবেদনের সঙ্গে জড়িত ব্যক্তিদের আটক করলেই হবে না; জাল জন্মনিবন্ধন তৈরির নেপথ্যে থাকা চক্রকেও চিহ্নিত করতে হবে। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮