
সাগর আহমেদ জজ, নেত্রকোনা প্রতিনিধি,
নেত্রকোনার পূর্বধলায় সরকারি ক্যাপিটেশন গ্র্যান্টপ্রাপ্ত একটি এতিমখানায় খাবার খেয়ে ১৮ থেকে ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার অভিযোগ উঠেছে। গত ২২ সেপ্টেম্বর সকালে খাবার খাওয়ার পর কয়েকজনের ডায়রিয়ার উপসর্গ দেখা দিলে তাদের ময়মনসিংহের এসকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
ঘটনাটি উপজেলার গোয়ালাকান্দা ইউনিয়নের শালদিঘা গ্রামের দারুল আমান এতিমখানায়।
অভিভাবক ও স্থানীয়দের অভিযোগ, সেদিন শিক্ষার্থীদের আগের দিনের খাবার পরিবেশন করা হয়েছিল। তবে ওই খাবারের কারণেই অসুস্থতার ঘটনা ঘটেছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
এদিকে, শিক্ষার্থীদের অসুস্থতার পর এতিমখানার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পরিচালক মাওলানা মুফতি আতাউল মোস্তফা রেজভী জানান, নিরাপত্তার কথা বিবেচনা করে প্রতিষ্ঠানটি বন্ধ করা হয় এবং অসুস্থদের চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তারা সুস্থ রয়েছে।
পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, বিষয়টি তাঁর জানা নেই। ঘটনা সত্য হলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর এতিমখানার খাবার ব্যবস্থাপনা, সরকারি অনুদানের ব্যবহার ও শিক্ষার্থীদের অসুস্থতার কারণ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮